বৃহস্পতিবার

২৬ নভেম্বর, ২০২৬ ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

ভারতে সরকার পরিবর্তনের দিবাস্বপ্ন ভুলে যান, রাহুলকে রাজনাথ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ২২:৫০

শেয়ার

ভারতে সরকার পরিবর্তনের দিবাস্বপ্ন ভুলে যান, রাহুলকে রাজনাথ
ছবি সংগৃহীত

ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে ক্ষমতা পরিবর্তনের দিবাস্বপ্ন ভুলে যাওয়ার বার্তা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি অভিযোগ করেছেন, কংগ্রেস ও তাদের মিত্ররা রাস্তায় নৈরাজ্য ছড়িয়ে সরকার পরিবর্তনের চেষ্টা করছে।

বুধবার কর্ণাটকের কালাবুরাগিতে বিজেপির গণতন্ত্র বাঁচাও, নৈরাজ্য হটাও পদযাত্রায় অংশ নেন রাজনাথ সিং। সেখানে এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি রাজপথের বিক্ষোভের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের ধারণার বিরোধিতা করেন।

রাজনাথ সিং বলেন, ভারতে ক্ষমতার পরিবর্তন কেবল ভোটের মাধ্যমেই হতে পারে। নৈরাজ্য কিংবা রক্তপাতের মাধ্যমে কখনোই ক্ষমতার পালাবদল সম্ভব নয়।

কংগ্রেসের বিরুদ্ধে অস্থিতিশীলতা তৈরির অভিযোগ

বিজেপির গণতন্ত্র বাঁচাও, নৈরাজ্য হটাও প্রচারণার অংশ হিসেবে আয়োজিত সমাবেশে রাজনাথ সিং অভিযোগ করেন, রাজনৈতিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে কংগ্রেস ও তাদের কয়েকজন মিত্র দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।

প্রতিবেশী দেশগুলোর ক্ষমতা পরিবর্তনের ঘটনার সঙ্গে তুলনা টেনে তিনি প্রশ্ন করেন, বিরোধীরা কি একই ধরনের পরিস্থিতি তৈরি করে ভারতে সরকার পরিবর্তনের চেষ্টা করছে?

রাজনাথ সিং বলেন, এখন যখন তাদের সব কৌশল ব্যর্থ হয়েছে, তখন কংগ্রেস ও তাদের কয়েকজন মিত্র বলছে, মোদি এভাবে যাবেন না, এখানে সরকার পরিবর্তন হতে হবে।

তিনি আরও বলেন, নৈরাজ্য ছড়িয়ে, অস্থিরতা তৈরি করে এবং রক্তপাত উসকে দিয়ে তারা সরকার পরিবর্তন করতে চায়। প্রতিবেশী অনেক দেশে এভাবে ক্ষমতার পরিবর্তন হয়েছে। তারা কি ভারতেও তেমন নৈরাজ্য তৈরি করে সরকার গঠন করতে চায়?

রাহুল গান্ধীকে সরাসরি বার্তা

রাহুল গান্ধীকে উদ্দেশ করে রাজনাথ সিং বলেন, ভারতের গণতন্ত্র এত দুর্বল নয় যে কংগ্রেসের লোকজন রাস্তায় গোলযোগ সৃষ্টি করে তা দুর্বল করে দিতে পারবে।

তিনি বলেন, রাস্তায় নৈরাজ্য ছড়িয়ে ক্ষমতা পরিবর্তনের যে দিবাস্বপ্ন আপনি দেখছেন, তা ভুলে যান। নৈরাজ্য ছড়িয়ে ভারতে কখনোই ক্ষমতার পরিবর্তন করা যাবে না। ক্ষমতার পরিবর্তন হলে তা অবশ্যই ভোটের মাধ্যমে হতে হবে।

সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে বক্তব্য

রাজনাথ সিং বলেন, একই সাংবিধানিক ব্যবস্থার অধীনে ছয় দশক দেশ শাসন করার পরও কংগ্রেস ক্ষমতা লাভের আকাঙ্ক্ষায় গণতান্ত্রিক কাঠামো দুর্বল করার চেষ্টা করছে।

সংবিধান ও নাগরিকদের সরকার নির্বাচনের অধিকারের কথা উল্লেখ করে তিনি বলেন, বিজেপি শুধু রাজনৈতিক সমাবেশে অংশ নিতে কালাবুরাগিতে আসেনি, বরং গণতন্ত্র ও সাংবিধানিক প্রতিষ্ঠান রক্ষার শপথ নিতে এসেছে।

তিনি আরও বলেন, কংগ্রেসের রাজনীতির বিরুদ্ধে আওয়াজ তুলতে তারা এখানে এসেছেন। কংগ্রেস দেশে নৈরাজ্য ছড়িয়ে প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার চেষ্টা করছে।

রাজনাথ সিং বলেন, আগামীকাল সেই দিন, যেদিন ভারত তার সংবিধান পেয়েছিল। পূর্বপুরুষেরা এমন একটি সংবিধান দিয়ে গেছেন, যার অধীনে জনগণের সরকার নির্বাচনের অধিকার রয়েছে। কিন্তু ক্ষমতা দখলের আকাঙ্ক্ষায় কংগ্রেস সেই গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করছে। যে গণতন্ত্র কংগ্রেসকে ৬০ বছর ক্ষমতায় রেখেছিল, দলটি এখন সেই গণতান্ত্রিক ব্যবস্থাকেই নৈরাজ্য হিসেবে বর্ণনা করছে।

সূত্র: এএনআই