ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন। ভারত সরকারের দেওয়া নিরাপত্তাবেষ্টিত একটি বাসভবনে থাকছেন তিনি। তবে দিল্লির ঠিক কোন এলাকায় তার বাসস্থান, তা এখনো প্রকাশ্যে আসেনি। এদিকে আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে।
২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর থেকে দেশটিতে রয়েছেন শেখ হাসিনা। তার অবস্থান, বাসস্থান ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে বিভিন্ন সময়ে নানা তথ্য সামনে এসেছে।
হিন্দন বিমানঘাঁটি থেকে দিল্লিতে অবস্থান
২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমানে ভারতের উত্তর প্রদেশের হিন্দন বিমানঘাঁটিতে পৌঁছান শেখ হাসিনা। ওই বছরের অক্টোবরে তার অবস্থান সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দিল্লির উচ্চ নিরাপত্তাবেষ্টিত লুটিয়েন্স বাংলো এলাকায় ভারত সরকারের দেওয়া একটি বাংলোতে থাকছেন তিনি। ওই এলাকায় ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা বসবাস করেন।
শেখ হাসিনার জন্য কঠোর নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। তবে নিরাপত্তার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তার নিরাপত্তায় সার্বক্ষণিক কর্মী নিয়োজিত রয়েছেন। পাশাপাশি সাদা পোশাকের নিরাপত্তাকর্মীরাও তাকে পাহারা দেন।
সাক্ষাৎকার ও দূরবর্তী অনুষ্ঠানে অংশগ্রহণ
ভারতে অবস্থান করেও সাক্ষাৎকার, বিবৃতি ও দূরবর্তী অনুষ্ঠানে অংশ নেওয়ার মাধ্যমে যোগাযোগ বজায় রেখেছেন শেখ হাসিনা।
চলতি বছরের জুনে এনডিটিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশে ফেরার বিষয়ে এ বছরই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি। একই সাক্ষাৎকারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সম্পর্কে শেখ হাসিনা বলেন, তার দল শুধু একটি সংগঠন নয়, বরং একটি শক্তি।
এর কয়েক মাস পর, ২০২৬ সালের সেপ্টেম্বরে এনডিটিভিকে ফোনে দেওয়া আরেক সাক্ষাৎকারে বাংলাদেশে তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের আদেশকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেন তিনি। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ পুনর্গঠনে কেন্দ্রীয় ভূমিকা রাখার ইচ্ছাও প্রকাশ করেন।
চলতি বছরের আগস্টে নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার আয়োজিত এক সংবাদ সম্মেলনে অডিও কলের মাধ্যমে বক্তব্য দেন শেখ হাসিনা। ওই আলোচনায় যুক্তরাষ্ট্র থেকে অংশ নেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।
দেশে ফেরার অনুরোধ, প্রতিমন্ত্রীর বক্তব্য
সম্প্রতি রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়, শেখ হাসিনা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে তার দেশে ফেরার ব্যবস্থা করা হয়।
এদিকে শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সূত্র: এনডিটিভি সূত্র: রয়টার্স
আরও পড়ুন:







