বুধবার

২৫ নভেম্বর, ২০২৬ ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

হরমুজ প্রণালিতে ১০ দিনে ৪০ সংঘাত, পাঁচ ট্যাংকারে আগুন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ১৭:০৩

আপডেট: ২৫ নভেম্বর, ২০২৬ ১৭:১০

শেয়ার

হরমুজ প্রণালিতে ১০ দিনে ৪০ সংঘাত, পাঁচ ট্যাংকারে আগুন
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অচলাবস্থার জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে উত্তেজনা আরও বেড়েছে। গত ১০ দিনে সেখানে অন্তত ৪০টি সামরিক ঘটনা ঘটেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সমুদ্রের মাইনের সঙ্গে ধাক্কা লেগে অন্তত পাঁচটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরেছে বলে দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী।

জাহাজ চলাচলে ইরানের কঠোর নির্দেশনা

বুধবার (২৫ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরানি কর্মকর্তাদের দাবি, ট্যাংকারগুলো হরমুজ প্রণালির অননুমোদিত পথ দিয়ে চলাচল করছিল। এ প্রণালি দিয়ে যাতায়াতের ক্ষেত্রে প্রতিটি জাহাজকে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে। একই সঙ্গে তেহরানের নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে বলেও জানিয়েছে ইরান।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালিতে ১৬০টির বেশি সামরিক ঘটনা ঘটেছে। এর মধ্যে সর্বশেষ ১০ দিনেই ঘটেছে অন্তত ৪০টি।

নৌ অবরোধ ঘিরে পাল্টাপাল্টি চাপ

হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধির পেছনে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে দায়ী করা হচ্ছে। এর ফলে ইরানের অর্থনীতি বড় ধরনের চাপে পড়েছে। পাল্টা পদক্ষেপ হিসেবে তেহরান উপসাগরীয় অঞ্চলের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহ আটকে রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে কোনো পক্ষই এখনই পূর্ণমাত্রার যুদ্ধে জড়াতে আগ্রহী নয়। এ কারণে অবরোধের মাধ্যমে নিজেদের অবস্থান ধরে রেখে পরস্পরের ওপর চাপ প্রয়োগের কৌশল নিয়েছে দুই দেশ।

যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা এবং বিভিন্ন বিষয়ে ছাড় দিতে বাধ্য করা। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের চাপের জবাবে ইরানও পাল্টা পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বাড়িয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।