যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ অবিলম্বে বন্ধের পক্ষে মত দিয়েছেন দেশটির ৫৫ শতাংশ নাগরিক। যুদ্ধ বন্ধ করতে ইরানের সঙ্গে তুলনামূলক কম সুবিধাজনক শর্ত মেনে নিতেও রাজি তারা। ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড ও গবেষণা প্রতিষ্ঠান ইপসোসের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
যুদ্ধ বন্ধে সংখ্যাগরিষ্ঠের সমর্থন
মঙ্গলবার প্রকাশিত ক্রিটিক্যাল ইস্যুজ পোল শীর্ষক জরিপে দেখা গেছে, অংশগ্রহণকারীদের ৫৫ শতাংশ শর্ত যা-ই হোক, এখনই যুদ্ধ বন্ধ করা উচিত বলে মনে করেন। ডেমোক্র্যাট ও স্বতন্ত্র ভোটারদের মধ্যে এ মতের সমর্থন যথাক্রমে ৮০ ও ৫৯ শতাংশ। অন্যদিকে রিপাবলিকান ভোটারদের ২৫ শতাংশ এ মতের পক্ষে।
যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ওপর চাপ সৃষ্টির বিভিন্ন পদক্ষেপের পক্ষেও রয়েছেন অধিকাংশ ডেমোক্র্যাট ভোটার। তাঁদের ৫৩ শতাংশ ইরানে সামরিক অভিযানের জন্য কংগ্রেসের অর্থায়ন বন্ধের পক্ষে মত দিয়েছেন। আর ৫১ শতাংশ মনে করেন, আগামী বাজেট আলোচনায় ইরান যুদ্ধের জন্য অর্থ বরাদ্দ বন্ধের দাবি তোলা উচিত। এমনকি এতে কেন্দ্রীয় সরকারের কার্যক্রম অচল হওয়ার ঝুঁকি থাকলেও তাঁরা এ পদক্ষেপের পক্ষে।
যুক্তরাষ্ট্রের ১ হাজার ২২ জন প্রাপ্তবয়স্ক নাগরিকের ওপর জরিপটি চালানো হয়। এর প্রধান গবেষক শিবলি তেলহামি বলেন, যুদ্ধের শর্ত যা-ই হোক, তা বন্ধের পক্ষে এত বেশি মানুষের সমর্থন দেখে তিনি বিস্মিত হয়েছেন।
জরিপে অংশগ্রহণকারীদের কাছে যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে তিনটি বিকল্প দেওয়া হয়েছিল। এগুলো হলো অবিলম্বে যুদ্ধ বন্ধ করা, সামরিক অভিযান আরও জোরদার করা এবং ইরানের কাছ থেকে ছাড় আদায়ের লক্ষ্যে বর্তমান সামরিক অবস্থান অব্যাহত রাখা। এতে ২১ শতাংশ বর্তমান অবস্থান বজায় রাখার পক্ষে এবং ১৮ শতাংশ সামরিক অভিযান জোরদার করার পক্ষে মত দিয়েছেন।
যুদ্ধের কারণ নিয়ে সংশয়
ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করাকে যুদ্ধের অন্যতম প্রধান কারণ হিসেবে তুলে ধরেছে ট্রাম্প প্রশাসন। তবে জরিপে অংশগ্রহণকারীদের মাত্র ২৮ শতাংশ মনে করেন, যুদ্ধের ফলে পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে ইরান আগের তুলনায় দুর্বল অবস্থানে পড়েছে।
ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করতে পারে বলে দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্র। তবে গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী, ২০০৩ সালে পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিত্যাগের পর তেহরান নতুন করে এ ধরনের কর্মসূচি অনুমোদন করেছে, এমন প্রমাণ পাওয়া যায়নি।
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েও মতামত
যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে হরমুজ প্রণালি। যুদ্ধের শুরুর দিকে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এ জলপথ বন্ধ করে দেয় ইরান। এর জবাবে সেখানে নৌ অবরোধ আরোপ করে ট্রাম্প প্রশাসন।
বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এ জলপথ দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় তেলের দাম বেড়েছে।
মঙ্গলবার প্রকাশিত জরিপে অংশগ্রহণকারীদের ৩৫ শতাংশ মনে করেন, বর্তমানে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে। বিপরীতে মাত্র ১২ দশমিক ৭ শতাংশ মনে করেন, এর নিয়ন্ত্রণ রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে।
যুদ্ধ বন্ধের প্রশ্নে ডেমোক্র্যাটদের মতবিরোধ
অজনপ্রিয় এই যুদ্ধ বন্ধে ডেমোক্র্যাটিক পার্টির কতটা কঠোর অবস্থান নেওয়া উচিত, তা নিয়ে দলটির ভেতরে বিতর্ক চলছে।
সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে যুদ্ধবিরোধী জনমত ও জ্বালানির মূল্যবৃদ্ধির মতো বিষয়গুলো ডেমোক্র্যাটদের সাফল্যে ভূমিকা রেখেছে বলে দলটির একাংশ মনে করছে। অন্যদিকে ট্রাম্পের রিপাবলিকান পার্টি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে।
ডেমোক্র্যাটদের যুদ্ধবিরোধী প্রগতিশীল অংশের দাবি, নির্বাচনের ফলাফল থেকে বোঝা যায়, ভোটাররা যুদ্ধ বন্ধ এবং ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের অবসান চান। তবে দলটির সামরিক অবস্থানের প্রতি সমর্থনশীল নেতাদের সঙ্গে এ অবস্থানের মতবিরোধ রয়েছে।
প্রতিনিধি পরিষদের নেতা হাকিম জেফরিস ও সিনেটর চাক শুমার যুদ্ধ বন্ধের পক্ষে মত দিলেও লক্ষ্য অর্জনে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হননি। বিশেষ করে ইরানে সামরিক অভিযানের অর্থায়ন বন্ধ করা কিংবা ডিসেম্বরে বাজেট আলোচনার সময় যুদ্ধ বন্ধের শর্ত দেওয়ার মতো পদক্ষেপে তাঁদের অনীহা রয়েছে।
গবেষক তেলহামির মতে, ডেমোক্র্যাটিক পার্টির অনেক নেতা জনমতের তীব্রতা উপেক্ষা করছেন। তাঁরা নিজেদের অবস্থান পরিবর্তন না করলে রাজনৈতিকভাবে পিছিয়ে পড়বেন।
তাঁর মতে, সিনেটর বার্নি স্যান্ডার্স ও ক্রিস ভ্যান হলেনের মতো প্রগতিশীল নেতারা যুদ্ধ বন্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার দাবি জানিয়ে আসছেন।
সিনেটে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠ নেতা হওয়ার লড়াইয়ে শুমারের প্রতিদ্বন্দ্বী ভ্যান হলেনও যুদ্ধ ইস্যুতে দলটির মধ্যপন্থী নেতৃত্বকে ভোটারদের মনোভাব থেকে বিচ্ছিন্ন হিসেবে তুলে ধরছেন।
জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে শুমারের তুলনায় প্রায় তিন গুণ বেশি সমর্থন রয়েছে ভ্যান হলেনের প্রতি। ফলে ইরান যুদ্ধ বন্ধের প্রশ্নে জনমতের পাশাপাশি ডেমোক্র্যাটিক পার্টির অভ্যন্তরীণ নেতৃত্বের বিরোধও সামনে এসেছে।
আরও পড়ুন:







