বুধবার

২৫ নভেম্বর, ২০২৬ ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

সৌদিতে ফের ড্রোন হামলা, হরমুজে জাহাজে আঘাত হানল ইরান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ০৯:৩২

শেয়ার

সৌদিতে ফের ড্রোন হামলা, হরমুজে জাহাজে আঘাত হানল ইরান
ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। সৌদি আরবের পূর্বাঞ্চলে দুটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার কথা জানিয়েছে দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট। এর আগে রাজধানী রিয়াদে ড্রোন হামলায় ১১ জন আহত হন। অন্যদিকে, হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে একটি জাহাজ সামুদ্রিক মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী।

হরমুজ প্রণালিতে জাহাজে মাইনের আঘাত

মঙ্গলবার (২৪ নভেম্বর) হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে নিয়ম লঙ্ঘনকারী একটি জাহাজে হামলার তথ্য জানায় আইআরজিসির নৌবাহিনী।

ইরানের আধা সরকারি বার্তাসংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, জাহাজটি খাসাব বন্দরের উত্তরে হরমুজ প্রণালির দক্ষিণ অংশে একটি অননুমোদিত নৌপথ দিয়ে যাচ্ছিল। এ সময় সামুদ্রিক মাইনের আঘাতে জাহাজটি থেমে যায়।

জাহাজের মালিক ও ক্যাপ্টেনদের উদ্দেশে আইআরজিসির নৌবাহিনী বলেছে, হরমুজ প্রণালিতে নিরাপদে চলাচলের জন্য সামুদ্রিক নিরাপত্তাবিধি মেনে চলা, অনুমোদিত নৌপথ ব্যবহার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সতর্কবার্তাকে গুরুত্ব দেওয়া জরুরি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত এবং ইরানি বন্দরগুলোর ওপর ওয়াশিংটনের নৌ-অবরোধের মধ্যে অননুমোদিত নৌপথ ব্যবহার করতে গিয়ে একাধিক তেলবাহী জাহাজ সামুদ্রিক মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ।

পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে হরমুজ প্রণালি। আন্তর্জাতিক জ্বালানি তেল ও পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি পরিবহন করা হয়।

সৌদির পূর্বাঞ্চলে দুটি ড্রোন ধ্বংস

বুধবার (২৫ নভেম্বর) ভোরে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আকাশে দুটি ড্রোন শনাক্ত করে প্রতিহত ও ধ্বংস করার কথা জানিয়েছে দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা উল্লেখ করেননি তিনি।

এর আগে মঙ্গলবার সৌদি রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি বহুতল ভবনে ড্রোন হামলা হয়। সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, ওই হামলায় ১১ জন আহত হয়েছেন।

হামলার জন্য ইয়েমেনের হুতি গোষ্ঠীকে দায়ী করেছেন তুর্কি আল-মালিকি। এ ধরনের হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকারও করেছেন তিনি।

হোদেইদা বন্দর এলাকা ছাড়ার সতর্কতা

সাম্প্রতিক সময়ে হুতি গোষ্ঠী ও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে উত্তেজনা বেড়েছে। হুতিদের হামলায় সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনাগুলোও লক্ষ্যবস্তু হয়েছে।

২০১৫ সাল থেকে ইয়েমেনের সরকারকে সমর্থন দিয়ে হুতি গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করছে সৌদি নেতৃত্বাধীন জোট। অন্যদিকে, ২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করছে হুতিরা।

এ পরিস্থিতিতে ইয়েমেনের হোদেইদা বন্দরের আশপাশের এলাকা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। বুধবার ভোরে নিরাপত্তাঝুঁকির কথা উল্লেখ করে এ সতর্কবার্তা দেওয়া হয়।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যৌথ বাহিনীর কমান্ডের পক্ষ থেকে দেওয়া সতর্কবার্তাটি প্রকাশ করেন। এর সঙ্গে একটি মানচিত্রও যুক্ত করা হয়। মানচিত্রে লাল রং দিয়ে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার এলাকা চিহ্নিত করা হয়েছে।

মঙ্গলবার রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে ড্রোন হামলার পর হোদেইদা বন্দর এলাকায় এ সতর্কতা জারি করা হয়। ওই হামলার জন্য হুতি গোষ্ঠীকে দায়ী করে তুর্কি আল-মালিকি অভিযোগ করেন, গোষ্ঠীটি ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিক ও স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। এ ধরনের হামলার কঠোর জবাব দেওয়ার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে রিয়াদের ওই এলাকায় বহুতল ভবনে এটি দ্বিতীয় হামলা। সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবারও হুতিদের হামলায় ওই এলাকার একটি বহুতল ভবনের কয়েকটি তলা এবং আশপাশের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল।