ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ২০১৮ সালে করা ফৌজদারি মানহানির মামলায় আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে।
বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আনাম রইস খান এ আদেশ দেন। বিকাশ পান্ডে, যিনি বিকাশ সংস্কৃতিয়ান নামেও পরিচিত, ধ্রুব রাঠির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলাটি করেন।
এর আগে জারি হয়েছিল জামিনযোগ্য পরোয়ানা
গত ৩১ অক্টোবর ধ্রুব রাঠির বিরুদ্ধে নতুন করে জামিনযোগ্য পরোয়ানা জারি করেছিলেন আদালত। এর আগে ১৭ অক্টোবর আদালতের নোটিশ পৌঁছে দিতে গিয়ে সংশ্লিষ্ট কর্মী তার বাড়ি তালাবদ্ধ পান। এরপরই তার বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করা হয়। পাশাপাশি হরিয়ানার গুরুগ্রামে তার ঠিকানায় নতুন করে সমন পাঠানো হয়েছিল।
ধ্রুব রাঠির আইনজীবী আদালতকে জানিয়েছেন, রাঠি সাধারণত অস্ট্রিয়ায় থাকেন। দিল্লিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে তিনি ভারতে এসেছিলেন।
২০১৯ সালে প্রথম সমন পাঠানো হয়
আদালত উল্লেখ করেছেন, ধ্রুব রাঠিকে প্রথমবার ২০১৯ সালের জুলাই মাসে সমন পাঠানো হয়েছিল।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালে ধ্রুব রাঠি তার ইউটিউব চ্যানেলে বিকাশ পান্ডের বিরুদ্ধে একটি ভিডিও প্রকাশ করেন। এরপর ওই ভিডিওকে কেন্দ্র করে ফৌজদারি মানহানির অভিযোগে মামলা করেন বিকাশ পান্ডে।
মামলাটির পরবর্তী কার্যক্রমের জন্য ৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
আরও পড়ুন:







