কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের দ্রুত উত্থানের স্থায়িত্ব নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ছে। এর প্রভাবে দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। সোমবার লেনদেনের শুরুতে দেশটির প্রধান শেয়ারসূচক কসপি সর্বোচ্চ তিন দশমিক সাত শতাংশ কমেছে। এআই খাতে বিপুল বিনিয়োগের সুফল নিয়ে অনিশ্চয়তা এবং প্রযুক্তি খাতের ওপর সম্ভাব্য কঠোর নিয়ন্ত্রণের আশঙ্কাকে এ দরপতনের কারণ হিসেবে দেখা হচ্ছে।
এশিয়ার শেয়ারবাজারেও অস্থিরতা
দক্ষিণ কোরিয়ার পাশাপাশি এশিয়ার অন্যান্য শেয়ারবাজারেও অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। সোমবার সকালে তাইওয়ান, চীন ও হংকংয়ের গুরুত্বপূর্ণ শেয়ারবাজারে লেনদেন শুরুর আগে বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা দেখা যায়।
এর আগে গত শুক্রবার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ারবাজারেও বড় দরপতন হয়েছিল। ওই দিন দক্ষিণ কোরিয়ার কসপি সূচক কমে পাঁচ দশমিক দুই শতাংশ। জাপানের নিক্কেই ২২৫ সূচক কমে পাঁচ দশমিক এক শতাংশ এবং তাইওয়ানের তাইএক্স সূচক কমে ছয় দশমিক দুই শতাংশ।
ওয়াল স্ট্রিটেও টানা দরপতন
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও একই ধরনের পরিস্থিতি দেখা গেছে। গত শুক্রবার ওয়াল স্ট্রিটে দেশটির প্রধান শেয়ারসূচক এসঅ্যান্ডপি ৫০০ কমেছে তিন দশমিক সাত শতাংশ। এ নিয়ে সূচকটির টানা সপ্তম কার্যদিবসে পতন হয়েছে।
অন্যদিকে প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলোর শেয়ারের ওপর নির্ভরশীল নাসডাক কম্পোজিট সূচক কমেছে পাঁচ দশমিক তিন শতাংশ। এতে ২০২৬ সালে সূচকটির অর্জিত সব মুনাফা মুছে গেছে।
এআই খাতে বিপুল বিনিয়োগ নিয়ে প্রশ্ন
প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালনার অবকাঠামো গড়ে তুলতে কয়েক ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। তবে এই বিপুল অর্থ ব্যয়ের বিপরীতে প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত আয় করতে পারবে কি না, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে।
এআই খাতের বর্তমান প্রবৃদ্ধির গতি কমে যাওয়ার আশঙ্কাও বাড়ছে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ডেমোক্র্যাটদের নেতৃত্ব আসার সম্ভাবনা বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে। নতুন কংগ্রেস এআই খাতের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ছাড়া বিশ্বের অন্যতম বৃহৎ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়াকে ঘিরে কথিত গুপ্তচরবৃত্তির কেলেঙ্কারিও বাজারে উদ্বেগ তৈরি করেছে।
এআই খাতের ভবিষ্যৎ, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিপুল বিনিয়োগ থেকে আয় এবং সম্ভাব্য সরকারি নিয়ন্ত্রণ নিয়ে এসব অনিশ্চয়তার প্রভাব পড়ছে এশিয়া ও যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে।
আরও পড়ুন:







