নির্বাচনে জয়ের আশায় নিজের অর্থ ও প্রভাব খাটিয়ে গ্রামের বিভিন্ন সড়কের বৈদ্যুতিক খুঁটিতে এলইডি স্ট্রিট লাইট লাগিয়েছিলেন এক প্রার্থী। তবে নির্বাচনে হেরে যাওয়ার পর সেই বাতিগুলো খুলে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ভারতের রাজস্থানের টংক জেলার নিওয়াই বিধানসভার পিপলু পঞ্চায়েত সমিতির ৪ নম্বর ওয়ার্ডের রণোলি গ্রাম পঞ্চায়েতে এ ঘটনা ঘটেছে।
চার গ্রামে বসানো হয়েছিল ৫০টি বাতি
স্থানীয়দের অভিযোগ, নিওয়াই আসনের বিজেপি বিধায়ক রাম সহায় বর্মার ব্যক্তিগত সহকারী আলোক শর্মার স্ত্রী প্রিয়াঙ্কা শর্মা পিপলু পঞ্চায়েত সমিতির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনের আগে ভোটারদের মন জয় ও প্রচারের অংশ হিসেবে কুমাড়োঁ কি ধানি, বেগমপুরা, হানিফগঞ্জ ও বিজলপুরা গ্রামের বিভিন্ন বৈদ্যুতিক খুঁটিতে প্রায় ৫০টি এলইডি স্ট্রিট লাইট স্থাপন করা হয়। আলোক শর্মার প্রভাব ও নির্দেশে এসব বাতি লাগানো হয়েছিল বলে দাবি গ্রামবাসীদের।
তবে নির্বাচনের ফল প্রকাশের পর প্রিয়াঙ্কা শর্মা পরাজিত হন। এরপরই গ্রামগুলো থেকে বাতি খুলে নেওয়ার উদ্যোগ শুরু হয়। ভোটে হেরে রাজনৈতিক প্রতিহিংসা থেকে এসব বাতি সরিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
বাধা উপেক্ষা করে খুলে নেওয়া হয় ১০টি বাতি
খবর পেয়ে জয়পুর বিদ্যুৎ বিতরণ নিগম লিমিটেডের ফল্ট রিপেয়ার টিম (এফআরটি) গ্রামে গিয়ে বাতি খুলতে শুরু করে। গ্রামবাসীদের বাধার মধ্যেও কুমাড়োঁ কি ধানি গ্রামের অন্তত ১০টি বৈদ্যুতিক খুঁটি থেকে স্ট্রিট লাইট খুলে ফেলা হয়।
তবে বাকি প্রায় ৪০টি বাতি খোলা সম্ভব হয়নি। নবনির্বাচিত সরপঞ্চরা নিজেদের তহবিল থেকে বিদ্যুৎ বিল পরিশোধের আশ্বাস দেওয়ায় সেগুলো থেকে যায়।
অবৈধ সংযোগের তদন্তের নির্দেশ
স্থানীয় বিদ্যুৎ বোর্ডের নির্বাহী প্রকৌশলী ডি আর মীন জানান, ত্রুটি মেরামতের জন্য গ্রামে পরিদর্শনে গিয়ে এফআরটি দল বৈদ্যুতিক খুঁটিতে অবৈধ সংযোগের মাধ্যমে জ্বালানো স্ট্রিট লাইট দেখতে পায়। পরে তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় সেগুলো অপসারণের প্রক্রিয়া শুরু করা হয়।
কীভাবে এবং কার অনুমতিতে এসব সংযোগ দেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বোর্ড।
অন্যদিকে, বিজেপি বিধায়ক রাম সহায় বর্মা রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, দীপাবলি উৎসব উপলক্ষে প্রার্থীরা নিজ উদ্যোগেই এসব বাতি স্থাপন করেছিলেন।
আরও পড়ুন:







