রবিবার

২২ নভেম্বর, ২০২৬ ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

সৌদিতে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ১৮:২০

শেয়ার

সৌদিতে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
ছবি: সংগৃহীত

সৌদি আরবের পশ্চিমাঞ্চল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিরা।

রবিবার হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট গোষ্ঠীটির ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেছেন, ‌‌‘‘সৌদি আরবের পশ্চিমাঞ্চলের দিকে ছোড়া হুথি মিলিশিয়াদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।’’

সৌদি আরবের পশ্চিমাঞ্চলে দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো রয়েছে। এর মধ্যে অপরিশোধিত তেল রপ্তানির প্রধান স্থাপনা ইয়ানবু টার্মিনাল এবং ইয়েমেন সীমান্তবর্তী দেশটির একেবারে দক্ষিণ-পশ্চিমে অবস্থিত জাজান শোধনাগার রয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও সামরিক স্থাপনার পাশাপাশি এসব প্রধান তেল স্থাপনায় হামলা বাড়িয়েছে হুথি যোদ্ধারা।

হুথিদের বিরুদ্ধে লড়াইরত ও ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেয়া সৌদি আরব বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর থেকে সৌদি আরবে হুথিদের হামলায় ২৬ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে বিমানবন্দরে হামলায় নিহত হয়েছেন ২৩ জন।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হুথিদের এক হামলায় রিয়াদের বাণিজ্যিক এলাকায় অবস্থিত সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সদর দপ্তরের ভবনের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

চলতি মাসের শুরুতে এক হামলায় রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর মালিকানাধীন একটি আকাশচুম্বী ভবনও ক্ষতিগ্রস্ত হয়।