রবিবার

২২ নভেম্বর, ২০২৬ ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

ইউরোপজুড়ে বাড়ছে ছাত্রবিক্ষোভ; চাপে ক্ষমতাসীনরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ১৪:০৫

শেয়ার

ইউরোপজুড়ে বাড়ছে ছাত্রবিক্ষোভ; চাপে ক্ষমতাসীনরা
ছবি ভিডিও থেকে নেয়া

ইউরোপের মানচিত্র জুড়ে হঠাৎ করেই যেন এক অস্থির ঢেউ আছড়ে পড়েছে। ২৫টি দেশ, ৪০০টিরও বেশি শহর, আর সামনে দাঁড়িয়ে আছে আগামীর প্রজন্ম। ‘ইন্টারন্যাশনাল ইউথ স্ট্রাইক কোয়ালিশন’-এর ডাকে এই বিশাল গণজমায়েতের স্লোগান একটাই, ভবিষ্যৎ নিয়ে আর আপস নয়।

ফ্রান্স থেকে ছড়িয়ে পড়া স্ফুলিঙ্গ

ফ্রান্সে ঘটে যাওয়া সাম্প্রতিক তীব্র আন্দোলনের রেশ কাটতে না কাটতেই যেন স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছে পুরো ইউরোপ মহাদেশে। তরুণদের ক্ষোভের তীর এবার সরাসরি সরকারগুলোর নীতি ও অগ্রাধিকারের দিকে। তাদের প্রশ্ন, ক্লাসরুম আর প্রকৃতির বদলে কেন যুদ্ধ আর সামরিকায়নে এত বিপুল অর্থ ঢালা হচ্ছে? শিক্ষায় বাজেট বাড়ানো, জলবায়ু সুবিচার নিশ্চিত করা আর বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের মতো বিষয়গুলো বাতিলের দাবিতেই রাজপথ দখল করেছে শিক্ষার্থীরা।

যুক্তরাজ্য, জার্মানি, আলবেনিয়া, স্পেন, ইতালি থেকে শুরু করে ক্রোয়েশিয়া, তালিকাটা বেশ লম্বা।

জার্মানিতে ৭৩টি শহরে আন্দোলন

জার্মানিতে ‘জেন জি টেকচার্জ’ নামের সংগঠনটি একাই ৭৩টি শহরে আন্দোলন ছড়িয়ে দিয়েছে, আর শুধু বার্লিনেই জড়ো হয়েছে প্রায় চার হাজার মানুষ।

ইতালিতে হাজার হাজার মানুষের প্রতিবাদ

ওদিকে ইতালির চিত্রটাও প্রায় একই রকম, হাজার হাজার মানুষের কণ্ঠে প্রতিবাদের সুর। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অর্থনৈতিক নীতির কড়া সমালোচনার পাশাপাশি সেখানে জোরালো হয়েছে মজুরি ও জনসেবায় বরাদ্দ বাড়ানোর দাবি।

জীবনযাত্রার আকাশচুম্বী খরচ, শিক্ষার বাজেট ছাঁটাই, জলবায়ু ঝুঁকি আর সামরিক ব্যয় কমানোর তাগিদে সোচ্চার তরুণ প্রজন্ম। আয়োজকদের চোখে, পরিবর্তনের এই আওয়াজ এখন আর থামানোর মতো নয়।

লন্ডনে ভিন্ন ধরনের আন্দোলন

লন্ডনে আবার আন্দোলনের ধরন একটু ভিন্ন, বিশ্ববিদ্যালয়ের ভেতরেই অবস্থান নিয়ে প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। সেখানে প্রতিধ্বনিত হয়েছে ‘ক্ষমতা জনগণের হাতে’ আর ‘ফিলিস্তিনকে মুক্ত করো’-এর মতো স্লোগান। কিন্তু, চমকটা অপেক্ষা করছিল আলবেনিয়ার রাজধানী তিরানায়। এই আন্দোলনের স্রোতে হঠাৎই দেখা মেলে পরিচিত মুখ, অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ।

তিরানায় গ্রেটা থুনবার্গ

বিক্ষোভকারীদের কণ্ঠে তখন স্পষ্ট বার্তা, ‘আলবেনিয়া বিক্রির জন্য নয়’। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের একটি বিলাসবহুল উপকূলীয় প্রকল্পের বিরুদ্ধে কয়েক মাস ধরে চলা শান্তিপূর্ণ প্রতিবাদের মাঝেই নতুন মাত্রা যোগ করেছে এই বিক্ষোভ।

অক্টোবরের মাঝামাঝি থেকে শুরু হওয়া ছাত্রদের এই নেতৃত্বাধীন আন্দোলন মূলত দানা বেঁধেছিল দুর্নীতির অভিযোগ, বেকারত্ব আর শিক্ষার মান নিয়ে ক্ষোভ থেকে। কিন্তু সময়ের সাথে সাথে সেই ক্ষোভের আগুন যেন ক্রমেই আরও উত্তপ্ত ও সহিংস রূপ নিচ্ছে, যা ইউরোপের রাজনীতিতে নতুন এক অস্বস্তির নাম হয়ে দাঁড়িয়েছে।