রবিবার

২২ নভেম্বর, ২০২৬ ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

ফিনল্যান্ড উপসাগরে রাশিয়াগামী জাহাজে ড্রোন হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ১০:৫০

শেয়ার

ফিনল্যান্ড উপসাগরে রাশিয়াগামী জাহাজে ড্রোন হামলা
ছবি সংগৃহীত

ফিনল্যান্ড উপসাগরের পূর্বাঞ্চলে রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজ ড্রোন হামলার শিকার হয়েছে। শনিবার সকালে স্পার্টা-২ নামের জাহাজটিতে হামলার পর আগুন ধরে যায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাল্টিক অঞ্চলের রাশিয়ার কালিনিনগ্রাদের উদ্দেশে যাত্রা করা জাহাজটি হামলার সময় ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করেছিল। পরে সুয়ারসারি দ্বীপের প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে ক্ষতিগ্রস্ত জাহাজটির অবস্থান শনাক্ত করা হয়।

হামলার পেছনে ইউক্রেইনের সংশ্লিষ্টতার সন্দেহ

ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, এ হামলার পেছনে ইউক্রেইনের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি কিইভ।

ফিনল্যান্ডের কোস্ট গার্ড জানায়, শনিবার স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে তারা হামলার খবর পায়। ঘটনার পর ওই এলাকার আশপাশে সাময়িকভাবে বিমান ও নৌযান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়।

ইউক্রেইন ও যুক্তরাষ্ট্র সরকারের তথ্য অনুযায়ী, রুশ একটি কোম্পানি পরিচালিত স্পার্টা-২ জাহাজটি ২০২২ সালে যুক্তরাষ্ট্র এবং চলতি বছরের শুরুতে ইউক্রেইনের নিষেধাজ্ঞার আওতায় আসে।

ক্রুদের সরিয়ে নেওয়া হয়েছে

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অর্পো বলেন, যুদ্ধ তাঁদের একেবারে কাছে চলে এসেছে। আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার অধিকার ইউক্রেইনের রয়েছে।

কালিনিনগ্রাদের গভর্নর আলেক্সেই বেসপ্রোজভানিখ জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। তবে এ অঞ্চলের সরবরাহ ব্যবস্থার জন্য কোনো হুমকি নেই।

গভর্নর টেলিগ্রামে জানান, রুশ উদ্ধারকারী জাহাজ স্পার্টা-২-এর কাছে পৌঁছালে জাহাজটির ক্রুরা তাঁদের সরিয়ে নেওয়ার প্রয়োজন নেই বলে জানান। তাঁরা যাত্রা অব্যাহত রাখার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন।

তবে পরে ফিনল্যান্ডের সীমান্তরক্ষা বাহিনী জানায়, ক্ষতিগ্রস্ত জাহাজটির ক্রুদের অন্য একটি রুশ জাহাজে সরিয়ে নেওয়া হয়েছে। ওই জাহাজটি ইতোমধ্যে রাশিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেছে।

তদন্ত করছে ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী

ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলার ঘটনা সম্পর্কে ন্যাটোকেও অবহিত করা হয়েছে।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী আন্তি হাক্কানেন বলেন, হামলার তদন্তের দায়িত্বে রয়েছে ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী। এ বিষয়ে সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মাঝখানে অবস্থিত রাশিয়ার ভূখণ্ড কালিনিনগ্রাদ। ২০২২ সালে ইউক্রেইনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে বাল্টিক সাগর যুদ্ধের উত্তেজনাপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে। সম্প্রতি সম্মুখযুদ্ধের বাইরেও রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার হামলার মাত্রা বাড়িয়েছে ইউক্রেইন।