বান্দরবানের আলীকদম উপজেলার একমাত্র শিশুপার্কের বেহাল দশা নিয়ে বাংলা এডিশনে সংবাদ প্রকাশের পর পার্কটি পরিদর্শন করেছেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শাফকাত আলী। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল তিনটার দিকে তিনি পার্কটি ঘুরে দেখেন। এ সময় শিশুদের জন্য পার্কটি পরিচ্ছন্ন, আকর্ষণীয় ও নিরাপদ করে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
পরিদর্শন শেষে ইউএনও সৈয়দ শাফকাত আলী বলেন, ‘শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও বিনোদনের গুরুত্ব অপরিসীম। আলীকদমের একমাত্র শিশুপার্কটি শিশুদের জন্য আরও আকর্ষণীয়, পরিচ্ছন্ন ও নিরাপদ করে গড়ে তুলতে আমরা প্রয়োজনীয় উদ্যোগ নেব। পার্কের সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। শিশুরা যেন এখানে নির্বিঘ্নে খেলাধুলা ও আনন্দময় সময় কাটাতে পারে, সেটি নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করব।’
এর আগে গত [১৭/১১/২০২৬] বাংলা এডিশনে বরাদ্দের তথ্য থাকলেও বেহাল আলীকদমের একমাত্র শিশুপার্ক। শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে পার্কের জরাজীর্ণ খেলার সরঞ্জাম, ভাঙা সীমানাপ্রাচীর, ভেতরে গবাদিপশুর বিচরণ এবং স্থানীয় লোকজনের চলাচলের পথ হিসেবে পার্ক ব্যবহারের বিষয়টি তুলে ধরা হয়েছিল।
সরেজমিনে দেখা যায়, পার্কে শিশুদের খেলার জন্য রয়েছে একটি দোলনা, একটি স্লাইড ও দুটি সিস-স। এসব সরঞ্জামের বেশির ভাগই পুরোনো ও মরিচা ধরা। দীর্ঘদিনের অবহেলায় সেগুলো শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পেছনের বসতিতে যাতায়াতের জন্য সীমানাপ্রাচীরের একটি অংশ ভেঙে পথ তৈরি করা হয়েছে। অথচ পার্কের পাশেই রয়েছে চলাচলের সড়ক।
শিশুপার্ক সংস্কার ও খেলার সরঞ্জাম কেনার জন্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ থেকে বরাদ্দের তথ্য নিয়েও প্রশ্ন রয়েছে। গত ২৬ আগস্ট ‘পার্বত্য সংলাপ’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে ইয়াকুব আলী ও মো. ইব্রাহীমের নামে মোট ৬ টন চাল ও ৬ টন গম বরাদ্দের কথা বলা হয়। ভিডিওতে ইয়াকুব আলীর নামে পার্ক সংস্কারের জন্য ৩ টন চাল ও ৩ টন গম এবং মো. ইব্রাহীমের নামে খেলার সরঞ্জাম কেনার জন্য একই পরিমাণ চাল ও গম বরাদ্দের তথ্য উল্লেখ করা হয়।
তবে মুঠোফোনে যোগাযোগ করা হলে ইয়াকুব আলী ও মো. ইব্রাহীম দুজনই তাঁদের নামে বরাদ্দের বিষয়ে অবগত নন বলে জানান। বরাদ্দের বিপরীতে কী কাজ হয়েছে, তা জানতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ত্রাণ বিভাগের উচাছে মার্মার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
আলীকদম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও কলেজশিক্ষক নুরুল সাফা ভূঁইয়া বাবু বলেন, শিশুপার্ক শুধু বিনোদনের জায়গা নয়, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশেরও গুরুত্বপূর্ণ অংশ। আলীকদমের মতো পাহাড়ি এলাকায় শিশুদের বিনোদনের সুযোগ সীমিত। তাই একমাত্র পার্কটির নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা জরুরি।
কলেজছাত্র সাখাওয়াত হোসেন ফাহিম বলেন, পার্কটি শিশুদের আনন্দ-বিনোদনের জন্য তৈরি হলেও বর্তমানে সেখানে গরু-ছাগল ঘুরে বেড়ায়। মানুষও চলাচলের পথ হিসেবে ব্যবহার করছে। পার্কটি দ্রুত সংস্কার করে শিশুদের উপযোগী পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তিনি।
আলীকদমে শিশুদের বিনোদনের জন্য বিকল্প কোনো পার্ক নেই। তাই নতুন ইউএনওর পরিদর্শন ও উদ্যোগের আশ্বাসের পর পার্কটির সংস্কারকাজ কবে শুরু হবে, সেটিই এখন স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা।
আরও পড়ুন:







