হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের আরও একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
শনিবার (২১ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইবিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
৫৮টি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি
আইআরজিসির বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে এ পর্যন্ত মোট ৫৮টি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে ইরান।
বিবৃতিতে বলা হয়, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটির গতিবিধি শনাক্ত করে। পরে সেটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করে ধ্বংস করা হয়।
নজরদারি ও হামলায় ব্যবহৃত হয় রিপার ড্রোন
এমকিউ-৯ রিপার যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল অ্যাটমিকসের তৈরি অত্যাধুনিক চালকবিহীন সামরিক আকাশযান। দীর্ঘ সময় আকাশে অবস্থান, দূরপাল্লার নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতার জন্য ড্রোনটি পরিচিত।
সামরিক অভিযানে নজরদারির পাশাপাশি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কাজেও এমকিউ-৯ ব্যবহার করা হয়। এ কারণে এটি মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ চালকবিহীন আকাশযানগুলোর একটি।
আরও পড়ুন:







