ইতালির রাজধানী রোমের বাংলাদেশি অধ্যুষিত এলাকা তরপিনাত্তারায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছেন স্থানীয় ব্যবসায়ী, বাংলাদেশি প্রবাসী, ইতালীয় নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চুরি, ছিনতাই ও বিভিন্ন ধরনের হুমকি-ধমকির প্রতিবাদে তাঁরা মৌন মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন।
কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় ব্যবসায়ীরা এক ঘণ্টার কর্মবিরতি পালন করেন এবং ব্যবসা-বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখেন।
আন্দোলনকারীদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে তরপিনাত্তারা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। সম্প্রতি একজন পেরুভীয় নাগরিকের হাতে একজন তিউনিসীয় নাগরিক হত্যার ঘটনা এলাকায় উদ্বেগ আরও বাড়িয়েছে। পাশাপাশি রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য অভিবাসীদের ছিনতাইয়ের শিকার হওয়ার অভিযোগ রয়েছে। স্থানীয় দোকানপাটে চুরি, ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন ধরনের হুমকি-ধমকির ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন তাঁরা।
সমাবেশে বক্তারা বলেন, নিরাপত্তাহীন পরিবেশে কোনো ব্যবসা-বাণিজ্য পরিচালনা করা সম্ভব নয়। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনযাপন এবং ব্যবসার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তাঁদের অভিযোগ, বিভিন্ন এলাকা থেকে আসা কিছু অপরাধী ও মাদকসংশ্লিষ্ট ব্যক্তির কারণে তরপিনাত্তারা এলাকায় মাদক ও অপরাধের বিস্তার ঘটছে। এলাকাটিকে মাদকের স্বর্গরাজ্যে পরিণত হওয়ার হাত থেকে রক্ষা করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি বলেও মনে করেন তাঁরা।
এ সময় আন্দোলনকারীরা প্রশাসনের প্রতি নিরাপত্তা জোরদার, অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় নিয়মিত পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানান।
শান্তিপূর্ণ এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাঁদের দাবির বিষয়ে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও বড় আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচিতে বৃহত্তর সিলেটের সভাপতি সাব্বির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক জামিল, ব্যবসায়ী জামিল আহমেদসহ স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ইতালীয় সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
তরপিনাত্তারার বাসিন্দা ও ব্যবসায়ীদের প্রত্যাশা, প্রশাসন দ্রুত তাঁদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
আরও পড়ুন:







