জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগ প্রমাণিত হওয়ার পরও সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে মিয়ানমার সরকার। আদালতের রায়কে অন্যায্য বলে মন্তব্য করেছে দেশটি।
শুক্রবার রাজধানী নেপিডোতে এক সংবাদ সম্মেলনে মিয়ানমার সরকারের মুখপাত্র খাইং খাইং সোয়ে বলেন, দেশটিকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে। আদালতের সিদ্ধান্ত সর্বসম্মত নয় উল্লেখ করে তিনি বলেন, এই রায় ন্যায়সংগত হয়নি।
২০১৭ সালের হত্যাকাণ্ড ও নির্যাতনের প্রমাণ
গত ১৯ নভেম্বর দেওয়া আইসিজের রায়ে ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশনের সময় রোহিঙ্গা পুরুষ ও কিশোরদের ব্যাপকভাবে হত্যার বিষয়টি উঠে এসেছে। এ সময় নারীদের ধর্ষণ ও যৌন সহিংসতার শিকার হতে হয়। পাশাপাশি শত শত রোহিঙ্গা গ্রাম পুড়িয়ে দেওয়া কিংবা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার ঘটনাও উল্লেখ করেছেন আদালতের বিচারকেরা।
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিল। রায়ে মিয়ানমারকে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিপূরণের পরিমাণ পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে। একই সঙ্গে দেশটির অন্যায় কর্মকাণ্ডের কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের সুযোগ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আদালত।
রায়ের পর রোহিঙ্গাদের প্রতিক্রিয়া
বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠী। বর্তমানে সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যে তাদের নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অন্যদিকে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গা ঘনবসতিপূর্ণ শরণার্থীশিবিরে মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন।
আইসিজের রায়ের পর কক্সবাজারের বিভিন্ন শরণার্থীশিবিরে আশ্রয় নেওয়া হাজারো রোহিঙ্গা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে কবে নাগাদ তারা নিজ দেশে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
রায় কার্যকর নিয়ে অনিশ্চয়তা
আন্তর্জাতিক বিচার আদালত রাষ্ট্রগুলোর মধ্যকার বিরোধ নিষ্পত্তি এবং আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগের বিচার করে। আদালতের রায় চূড়ান্ত হলেও তা বাস্তবায়নে বাধ্য করার ক্ষমতা সীমিত। ফলে মিয়ানমারের ওপর রায় কার্যকরের চাপ কীভাবে প্রয়োগ করা হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
আদালতের ১৯১ পৃষ্ঠার রায়ে ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর রাখাইনের ইন দিন গ্রামে ১০ রোহিঙ্গা মুসলিমকে হত্যার বিষয়ে রয়টার্সের একটি অনুসন্ধানী প্রতিবেদনের উল্লেখ রয়েছে। ওই হত্যাকাণ্ডের খবর প্রকাশের পর রয়টার্সের দুই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তারা ৫০০ দিনেরও বেশি সময় কারাবন্দি ছিলেন।
রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মিয়ানমার সরকারের মুখপাত্র খাইং খাইং সোয়ে বলেন, বিশ্বের গুরুত্বপূর্ণ নেতারা এর আগে আইসিজের মতো রাজনৈতিক সংস্থাগুলোকে বিচারিক ক্ষমতার অপব্যবহার না করার বিষয়ে সতর্ক করেছিলেন।
আরও পড়ুন:







