শুক্রবার

২০ নভেম্বর, ২০২৬ ৫ অগ্রহায়ণ, ১৪৩৩

শেষ হলো ট্রাম্প, জিনপিং ও পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ১৬:৫৬

শেয়ার

শেষ হলো ট্রাম্প, জিনপিং ও পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক
ছবি: সংগৃহীত

রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন গঠনমূলক সহযোগিতার মাধ্যমে বিশ্বে স্থিতিশীলতা জোরদার করতে পারে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিন দেশের শীর্ষ নেতাদের ত্রিপক্ষীয় সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে অনুষ্ঠিত হয় এ বৈঠক।

পুতিনের মতে, তিনি, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়া উচিত। পাশাপাশি জ্বালানি নিরাপত্তার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাবে বলে জানান তিনি।

রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, এর আগে ট্রাম্পের সঙ্গে পুতিনের দ্বিপক্ষীয় বৈঠকে মূলত ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উদ্যোগেই বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছিল বলে জানান পুতিন।

বহুল আলোচিত ত্রিপক্ষীয় সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে পুতিন বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী দেশ হিসেবে পরিচয়ের পাশাপাশি আন্তর্জাতিক শান্তি বজায় রাখার দায়িত্বও রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে একটি অভিন্ন বিষয়।’

উদ্বোধনী বক্তব্যে ট্রাম্প বলেন, বিশ্বের তিনটি বৃহৎ দেশের নেতারা এই বৈঠকে বসেছেন। তার ভাষ্য অনুযায়ী, দেশ তিনটির হাতেই বিশ্বের সবচেয়ে বড় তিনটি পারমাণবিক অস্ত্রভান্ডার রয়েছে।' ত্রিপক্ষীয় বৈঠককে ইতিহাস সৃষ্টির ঘটনা বলেও অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট।