শুক্রবার

২০ নভেম্বর, ২০২৬ ৫ অগ্রহায়ণ, ১৪৩৩

রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ১৬:৪৭

শেয়ার

রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে
ছবি সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যে ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক বাহিনীর পরিচালিত তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশনে প্রায় ১০ হাজার মানুষকে হত্যা করা হয়েছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালতের পর্যবেক্ষণে নির্বিচারে হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের বাড়িঘরে আগুন দেওয়ার প্রমাণ উঠে এসেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় পড়া শুরু হয়। স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) আদালতের ১৫ বিচারকের পক্ষে রায় পড়া শুরু করেন আইসিজের সভাপতি বিচারপতি ইওয়াসাওয়া ইউজি।

অভিযানে হত্যাকাণ্ড ও যৌন সহিংসতার প্রমাণ

শুনানিতে বিচারপতি ইউজি ২০১৭ সালের সামরিক অভিযানের আগের ঘটনাপ্রবাহ এবং রোহিঙ্গাদের ওপর দীর্ঘদিনের নিপীড়নের বিষয়গুলো তুলে ধরেন।

তিনি বলেন, আদালতের কাছে থাকা সাক্ষ্য-প্রমাণে দেখা গেছে, ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে সহিংসভাবে হত্যা করা হয়। নিরাপত্তা বাহিনী নির্দিষ্ট কিছু এলাকায় নির্বিচারে মানুষ হত্যা, পুরুষদের আলাদা করে মৃত্যুদণ্ড কার্যকর, যৌন সহিংসতা এবং পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের বাড়িঘরে আগুন দেওয়ার মতো কর্মকাণ্ড চালিয়েছিল।

তবে আদালত পর্যবেক্ষণ করেছেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অভিযানের আগে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসা নিরাপত্তা চৌকি ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছিল।

দীর্ঘদিনের বৈষম্য ও নিপীড়নের চিত্র

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, রোহিঙ্গারা প্রজন্মের পর প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করলেও দীর্ঘদিন ধরে বৈষম্য ও নিপীড়নের শিকার হয়েছে। বৈষম্যমূলক আইন ও বিভিন্ন বিধিনিষেধের কারণে ধীরে ধীরে তাদের অধিকার সংকুচিত হয়েছে। এর ফলে তারা সমাজে প্রান্তিক ও অত্যন্ত অরক্ষিত অবস্থায় পড়ে।

বিচারপতি ইউজি আরও বলেন, সামরিক বাহিনীর মদতপুষ্ট বিদ্বেষমূলক বক্তব্য রোহিঙ্গাদের বিরুদ্ধে শত্রুতা বাড়িয়ে তুলেছে।