বুধবার

১৮ নভেম্বর, ২০২৬ ৪ অগ্রহায়ণ, ১৪৩৩

ক্ষমতা ধরে রাখতে মরিয়া নেতানিয়াহু, সরকার গঠনে বিরোধীরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ১৩:২৮

শেয়ার

ক্ষমতা ধরে রাখতে মরিয়া নেতানিয়াহু, সরকার গঠনে বিরোধীরা
ছবি সংগৃহীত

ইসরায়েলের রাজনীতিতে নতুন করে ক্ষমতার লড়াই শুরু হয়েছে। সাম্প্রতিক নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩টি আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা পায়নি। অন্যদিকে, সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোটের প্রতি নতুন পার্লামেন্টের ৬৭ সদস্য সমর্থন জানিয়েছেন। ফলে সরকার গঠনের জন্য সর্বোচ্চ ৪২ দিন সময় পাচ্ছেন তিনি। এ সময়ের মধ্যে সরকার গঠন করতে না পারলে দেশটিতে আবারও রাজনৈতিক অচলাবস্থা তৈরি হতে পারে।

দুর্নীতির মামলা বাড়াচ্ছে নেতানিয়াহুর চাপ

বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। ক্ষমতা হারালে রাজনৈতিক অবস্থানের পাশাপাশি দুর্নীতির মামলায় তাঁর ব্যক্তিগত ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়তে পারে।

২০২০ সালের মে মাস থেকে চলা দুর্নীতির মামলার বিচার এখন শেষ পর্যায়ে রয়েছে। দোষী সাব্যস্ত হলে কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন তিনি। এদিকে, প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে তাঁর ক্ষমার আবেদনও কয়েক মাস ধরে ঝুলে রয়েছে।

অন্যদিকে, আইজেনকোটের নেতৃত্বাধীন জোট ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা এবং ইসরায়েলের নিরাপত্তা ব্যর্থতা তদন্তে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন ও প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করার প্রস্তাব দিয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান আরও চাপে পড়তে পারে।

ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর তিন কৌশল

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহু মূলত তিনটি কৌশল অনুসরণ করছেন।

প্রথমত, তিনি জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। এতে ইহুদি রাষ্ট্রের সমর্থক দলগুলোকে অন্তর্ভুক্ত করার কথা বলা হলেও আরব দলগুলোকে বাইরে রাখার ইঙ্গিত রয়েছে। একই সঙ্গে ইতামার বেন-গভির ও বেজালেল স্মোত্রিচের মতো কট্টর ডানপন্থী নেতা এবং জায়নবাদবিরোধী অতি-রক্ষণশীল ইহুদি দলগুলোকে সরকারে রাখতে চান তিনি।

তবে প্রধানমন্ত্রী পদ ছাড়ার কিংবা মেয়াদ ভাগাভাগি করার কোনো ইচ্ছা তাঁর নেই। আইজেনকোট এই প্রস্তাবকে আরেকটি রাজনৈতিক কৌশল হিসেবে অভিহিত করেছেন। তবে লিকুদ পার্টির সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন তিনি।

দ্বিতীয়ত, আরব দলগুলোর বিরুদ্ধে রাজনৈতিক প্রচারণা ও উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন নেতানিয়াহু। পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে তিনি রা'আম ও জয়েন্ট লিস্টকে সন্ত্রাসবাদের সমর্থক এবং ইসরায়েলের শত্রু হিসেবে আখ্যা দেন। এসব দলের সমর্থনে কোনো সরকার গঠন করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে আইজেনকোটের সম্ভাব্য আরব-সমর্থিত সরকার গঠনের পথ বন্ধ করতে এবং অতি-রক্ষণশীল দলগুলোকে নিজের জোট থেকে সরে যাওয়া ঠেকাতে চাইছেন নেতানিয়াহু।

তবে এ প্রচারণার মধ্যেই নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী নাতান এশেল আরব দলগুলোর নেতাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে অভিযোগ উঠেছে। রা'আম নেতা মানসুর আব্বাসের দাবি, অভিযুক্ত কোনো রাজনীতিকের প্রধানমন্ত্রী হওয়ার পথ বন্ধ করতে প্রস্তাবিত একটি বিল নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন এশেল। জয়েন্ট লিস্টের আইনপ্রণেতা আহমদ তিবিও এ বিষয়ে হোয়াটসঅ্যাপ বার্তা প্রকাশ করেছেন।

তৃতীয়ত, ইরানসহ মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা তৈরির চেষ্টা করছেন নেতানিয়াহু বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ইরানে নতুন করে হামলার জন্য চাপ দিয়েছেন বলেও খবর প্রকাশিত হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের আশঙ্কা, ইরানকে উসকে দিয়ে নতুন যুদ্ধ শুরু হলে জরুরি সরকার গঠনের অজুহাত তৈরি হতে পারে। এতে আইজেনকোটের সরকার গঠনের প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে আইজেনকোটের সামরিক সূত্রগুলোর মতে, ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরুর তাৎক্ষণিক প্রয়োজন নেই। ট্রাম্পও যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেন।

সরকার গঠনে আইজেনকোটের সামনে তিন পথ

নেতানিয়াহুর বিকল্প হিসেবে সরকার গঠনের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা তৈরি হলেও আইজেনকোটের পথ সহজ নয়। নির্বাচনী প্রচারে তিনি তিনটি প্রতিশ্রুতি দিয়েছিলেন। নেতানিয়াহুর সঙ্গে কোনো জোট করবেন না, অতি-রক্ষণশীল ইহুদি দলগুলোর সঙ্গে জোট করবেন না এবং আরব দলগুলোর সঙ্গেও জোট করবেন না। কিন্তু বর্তমান আসনবিন্যাসে তিনটি প্রতিশ্রুতি একসঙ্গে রক্ষা করা কঠিন হয়ে পড়েছে।

সরকার গঠনে তাঁর সামনে তিনটি সম্ভাব্য পথ রয়েছে।

প্রথম পথ হলো অতি-রক্ষণশীল শাস ও ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে) দলের সমর্থন নিয়ে সরকার গঠন। এ দুই দলের মোট আসন ১৩। আইজেনকোটের জোটের ৪৮ আসনের সঙ্গে এই আসন যোগ হলে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৬১ আসন পূর্ণ হবে।

তবে এসব দলের দাবি, তাদের সদস্যদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ থেকে অব্যাহতি দিতে হবে। আইজেনকোট সামরিক বাহিনীতে সবার দায়িত্ব পালনের বিষয়ে ছাড় দিতে রাজি নন। ফলে এ বিষয়ে সমঝোতা কঠিন হতে পারে।

দ্বিতীয় পথ হলো আরব দলগুলোর বাইরে থেকে সমর্থন নিয়ে সংখ্যালঘু সরকার গঠন। আইজেনকোট ও তাঁর কয়েকজন মিত্র এ বিষয়ে আগ্রহী হলেও সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান এর বিরোধিতা করছেন। আরব দলগুলোর সমর্থন, সংখ্যালঘু সরকার কিংবা নতুন নির্বাচন—কোনোটিতেই তিনি রাজি নন।

তৃতীয় সম্ভাবনা হলো নেতানিয়াহুকে বাদ দিয়ে লিকুদ পার্টির সঙ্গে জোট গঠন। তবে এখন পর্যন্ত দলটির কোনো আইনপ্রণেতা নেতানিয়াহুর বিরুদ্ধে অবস্থান নেননি। আবার নেতানিয়াহুকে জোটে রেখে তাঁকে কূটনৈতিক দায়িত্ব দেওয়ার প্রস্তাবও আলোচনায় রয়েছে। তবে এমন ব্যবস্থা তাঁকে ভবিষ্যতে আবার ক্ষমতায় ফেরার সুযোগ করে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিরোধীরা।

ব্যর্থ হলে আবারও নির্বাচনের মুখে ইসরায়েল

আইজেনকোট সরকার গঠনে ব্যর্থ হলে ইসরায়েলে আবারও নির্বাচন হতে পারে। ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে নেতানিয়াহু পাঁচবার নির্বাচনের মুখোমুখি হয়েছেন। এবারও সরকার গঠন নিয়ে অচলাবস্থা তৈরি হলে ২০১৯ সালের পর সপ্তমবারের মতো নির্বাচনে যেতে হতে পারে দেশটিকে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আইজেনকোটের জোটের শরিকদের মধ্যে সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ, আরব দলগুলোর সমর্থন এবং মন্ত্রিত্ব বণ্টন নিয়ে বিরোধ তৈরি করে নির্ধারিত সময় পার করে দেওয়াই নেতানিয়াহুর কৌশল। অন্যদিকে, ৪২ দিনের সময়সীমা শেষ হওয়ার আগেই সরকার গঠন করা আইজেনকোটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

ইসরায়েলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অতীতের একটি ঘটনাও মনে করিয়ে দিচ্ছে। ১৯৯৫ সালের নভেম্বরে উসকানিমূলক রাজনৈতিক প্রচারণার পর আততায়ীর হাতে নিহত হন তৎকালীন প্রধানমন্ত্রী ইৎজাক রবিন। ওই ঘটনার পর দেশটিতে ডানপন্থী রাজনীতির উত্থান ঘটে, যার নেতৃত্বে ছিলেন তরুণ নেতানিয়াহু।

এখন প্রশ্ন, ২০২৬ সালের নভেম্বর কি নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের অবসান ঘটাবে, নাকি নতুন কোনো রাজনৈতিক সমীকরণ তৈরি করে আবারও ক্ষমতা ধরে রাখতে পারবেন তিনি?

সূত্র: আল-জাজিরা