রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভোতে সামরিক বাহিনীর একটি এএন-১২ মডেলের বিমান বিধ্বস্ত হয়ে ১৭ আরোহীর সবাই নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিমান বিধ্বস্ত ও প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিধ্বস্ত বিমানটি আন্তোনভ এএন-১২ মডেলের।
ইয়াগুনোভা গ্রামের কাছে দুর্ঘটনা
কেমেরোভো প্রদেশের গভর্নর ইলিয়া সেরেদিউক জানিয়েছেন, আঞ্চলিক রাজধানী থেকে পাঁচ কিলোমিটার দূরে ইয়াগুনোভা গ্রামের একটি জনমানবহীন এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত দল ও বিমান দুর্ঘটনা তদন্ত কমিশন কাজ করছে। জরুরি সেবাদানকারী দলগুলোও ঘটনাস্থলে রয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, উড়োজাহাজটির চারটি ইঞ্জিনের একটিতে জ্বালানি লিক হয়ে আগুন ধরে যায়। এতে নিয়ন্ত্রণব্যবস্থা অকেজো হয়ে বিমানটি মাটিতে আছড়ে পড়ে।
রুশ সংবাদমাধ্যম বাজা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, জ্বালানি লিক, ইঞ্জিনে আগুন এবং হাইড্রোলিক ব্যবস্থা বিকল হয়ে যাওয়াকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।
ছড়িয়ে পড়েছে দুর্ঘটনার ভিডিও
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে বিমানটি বিধ্বস্ত হওয়ার মুহূর্ত দেখা গেছে। এতে দূর আকাশে একটি জ্বলন্ত বস্তুকে নিচের দিকে পড়ে যেতে দেখা যায়। এরপর বিস্ফোরণে আকাশ আলোকিত হয়ে ওঠে। তবে ঘটনাস্থল দূরে হওয়ায় দৃশ্যটি স্পষ্টভাবে বোঝা যায়নি।
ফুটেজটির সময় ও তারিখ যাচাই করেছে বিবিসি ও রয়টার্স। রয়টার্স ঘটনাস্থলের দৃশ্যপট বিশ্লেষণ করে জানিয়েছে, সেটি ওই এলাকার স্যাটেলাইট চিত্রের সঙ্গে মিলে গেছে।
বিধ্বস্ত বিমানটিতে কোনো পণ্য বা মালামাল ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রুশ সামরিক বাহিনীতে আন্তোনভ এএন-১২ সিরিজের বিমান অস্ত্র ও সেনা পরিবহনের পাশাপাশি অনুসন্ধান ও উদ্ধার অভিযানেও ব্যবহৃত হয়।
আরও পড়ুন:







