বুধবার

১৮ নভেম্বর, ২০২৬ ৪ অগ্রহায়ণ, ১৪৩৩

ট্রাম্প-শির সঙ্গে বৈঠকে যোগ দিতে চীনে পুতিন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ০৮:৪২

শেয়ার

ট্রাম্প-শির সঙ্গে বৈঠকে যোগ দিতে চীনে পুতিন
ছবি সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনে পৌঁছেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে তিনি দেশটিতে গেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের সাইডলাইনে তিন নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে।

শেনজেন বিমানবন্দরে পুতিনকে অভ্যর্থনা

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় রাত প্রায় দুইটার দিকে দক্ষিণ চীনের শেনজেনে অবতরণ করে পুতিনের বিমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির সদস্য কাই ছি। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

পুতিনের আগমন উপলক্ষে বিমানবন্দরে আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করা হয়। লালগালিচায় চীনা সেনাসদস্য ও নৃত্যশিল্পীরা তাকে অভ্যর্থনা জানান।

ইউক্রেন যুদ্ধ ও পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায়

তিন নেতার সম্ভাব্য বৈঠকে ইউক্রেন যুদ্ধ, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তবে বৈঠকের নির্দিষ্ট আলোচ্যসূচি এখনো প্রকাশ করা হয়নি।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের চলমান যুদ্ধের অবসান নিয়ে আলোচনার লক্ষ্যেই পুতিন প্রথম এমন একটি ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে বিস্তারিত কোনো ঘোষণা আসেনি।

এর আগে গত অক্টোবরে ট্রাম্প জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মধ্যে পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ নিয়ে ত্রিপক্ষীয় আলোচনা হলে তিনি আগ্রহী। চলতি মাসের শুরুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ও সম্ভাব্য বৈঠকে একাধিক বিষয় আলোচনার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।