যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে যুক্তরাষ্ট্রের ভেতরে ডার্টি বোমা বা রাসায়নিক অস্ত্র ব্যবহার করে হামলা চালাতে পারে ইরান—এমন আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। এ নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়েছে। সম্ভাব্য হামলা মোকাবিলায় প্রস্তুতি ও করণীয় নিয়ে আলোচনা করেছেন মার্কিন সামরিক ও প্রশাসনিক কর্মকর্তারা। তবে ইরানের এ ধরনের হামলা চালানোর সক্ষমতা রয়েছে কি না, তা নিয়েও গোয়েন্দাদের মধ্যে প্রশ্ন রয়েছে।
ওয়াশিংটন ও নিউইয়র্কে হামলার আশঙ্কা
মার্কিন গোয়েন্দাদের আশঙ্কা, তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করে তৈরি ডার্টি বোমা ওয়াশিংটন ও নিউইয়র্কের মতো বড় শহরে বিপর্যয় সৃষ্টি করতে পারে। মার্কিন গোয়েন্দা সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে বোমা তৈরির সরঞ্জাম লুকিয়ে রাখার বিষয়ে ইরানের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে, তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে ট্রাম্প প্রশাসন।
কর্মকর্তাদের আশঙ্কা, পাচারকারীদের মাধ্যমে ইরান ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ভেতরে ডার্টি বোমা লুকিয়ে রাখতে পারে। যেকোনো সময় এসব বোমা ব্যবহার করা হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে এ দাবির পক্ষে স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার মতো কোনো প্রমাণ এখনো সামনে আসেনি।
ইরানের পাচার চক্র শক্তিশালী বলে মনে করা হয়। যুক্তরাষ্ট্রে অনেক ইরানি নাগরিকের বসবাস এবং ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে ইরানের জড়িত থাকার অভিযোগও গোয়েন্দাদের উদ্বেগের কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ডার্টি বোমা ব্যবহারের জন্য যুদ্ধবিমান বা ড্রোনের প্রয়োজন হয় না। সাধারণ বিস্ফোরকের মতো ভূমি থেকেও এ ধরনের বোমা ব্যবহার করা সম্ভব। তবে এ ধরনের হামলা চালানো সহজ বলে মনে করার কারণ নেই।
তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার কারণে বিস্ফোরণের পর মানুষের স্বাস্থ্য ও পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব পড়তে পারে। একই সঙ্গে ব্যাপক আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
যুদ্ধ বন্ধে শি ও পুতিনের সহযোগিতা চাইবেন ট্রাম্প
এদিকে ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগিতা চাইবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় সাংবাদিকদের এ কথা জানান তিনি। কোয়াড ও আসিয়ান সম্মেলন শেষে ম্যানিলা থেকে চীনে যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের। সেখানে তিনি অ্যাপেক সম্মেলনে অংশ নেবেন। ওই সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও যোগ দেওয়ার কথা রয়েছে।
ট্রাম্প পুতিনের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সুযোগ পেলে পুতিনের সঙ্গে বৈঠকের চেষ্টা করবেন। সিএনএন
আরও পড়ুন:







