মঙ্গলবার

১৭ নভেম্বর, ২০২৬ ২ অগ্রহায়ণ, ১৪৩৩

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মতো সন্ত্রাসবাদের পথে হাঁটবে না ইরান: বাঘাই

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ১৭:৪১

শেয়ার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মতো সন্ত্রাসবাদের পথে হাঁটবে না ইরান: বাঘাই
ছবি সংগৃহীত

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানি কর্মকর্তাদের হত্যা এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, শত্রুদের মতো সহিংসতার পথ অনুসরণের প্রয়োজন ইরানের নেই।

সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন বাঘাই।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের অভিযোগ

পোস্টে বাঘাই অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রকাশ্যেই রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে। একদিকে ইরানি কর্মকর্তাদের লক্ষ্য করে গুপ্তহত্যা চালানো হচ্ছে, অন্যদিকে হামলার শিকার হচ্ছেন সাধারণ বেসামরিক নাগরিকেরা।

তিনি বলেন, এসব হামলার জবাবে ইরান বৈধ আত্মরক্ষা ও দৃঢ় প্রতিরোধের নীতি অনুসরণ করছে। তবে প্রতিপক্ষের মতো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর প্রয়োজন নেই। একইভাবে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করারও কোনো কারণ নেই। কারণ, সাধারণ মানুষ ইতিমধ্যে তাদের নেতাদের ভুল ও বিপর্যয়কর সিদ্ধান্তের পরিণতি ভোগ করছে।

মার্কিন কর্মকর্তাদের বাংকারে আশ্রয় নিয়ে মন্তব্য

মার্কিন কর্মকর্তাদের সামরিক বাংকারে আশ্রয় নেওয়ার প্রসঙ্গ টেনে বাঘাই বলেন, কয়েক দিন ধরে যুদ্ধে জয়ের দাবি করার পর এখন বাংকারে আশ্রয় নেওয়ার বিষয়টি মূলত জনগণের সহানুভূতি আদায়ের চেষ্টা।

তিনি আরও দাবি করেন, মার্কিন জনগণ ইতিমধ্যে তাদের নেতাদের মিথ্যাচারে বিরক্ত। একই সঙ্গে তারা বুঝতে পারছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের স্বার্থ রক্ষার হাতিয়ারে পরিণত হয়েছে।