যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের সামরিক অভিযানের পরও ইরানের অস্ত্রভাণ্ডারে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র রয়েছে। একই সঙ্গে নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনের কাজও চালিয়ে যাচ্ছে দেশটি। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
রবিবার (১৫ নভেম্বর) ইসরাইল ন্যাশনাল নিউজের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
ক্ষেপণাস্ত্রের সংখ্যা নিয়ে অনিশ্চয়তা
প্রতিবেদন অনুযায়ী, ইরানের হাতে ঠিক কতটি ক্ষেপণাস্ত্র রয়েছে, তা নিয়ে মার্কিন গোয়েন্দাদের মূল্যায়নে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। এ হিসাবের নির্ভরযোগ্যতার মাত্রাও কম বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
যুদ্ধের আগে ইরানের বিভিন্ন স্থানে কত ক্ষেপণাস্ত্র মজুত ছিল এবং বর্তমানে কতগুলো উৎক্ষেপণের জন্য প্রস্তুত রয়েছে, তা নির্ধারণ করা কঠিন। তবে দেশটির উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা এখনো রয়েছে বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা।
তাদের মূল্যায়ন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের হামলায় ইরানের অস্ত্র অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও দেশটির হাতে এখনো উল্লেখযোগ্যসংখ্যক ক্ষেপণাস্ত্র রয়েছে। নতুন করে সংঘাত শুরু হলে এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতাও তেহরানের রয়েছে।
পুনর্গঠন চলছে ধীরগতিতে
প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্রভাণ্ডার পুনর্গঠনের প্রক্রিয়া বর্তমানে ধীরগতিতে এগোচ্ছে। তবে দেশটির হাতে উল্লেখযোগ্যসংখ্যক ড্রোন ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রও রয়েছে। এসব অস্ত্র দিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা চালানোর সক্ষমতা রয়েছে ইরানের।
ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের ধারণা, ইরানের হাতে ১ হাজার ৫০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে এ বিষয়ে আঞ্চলিক বিভিন্ন মূল্যায়নে ভিন্নতা রয়েছে।
যুক্তরাষ্ট্রের সাবেক উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী সিমোন লিডিন বলেন, অপেক্ষাকৃত কম হিসাবটিও সঠিক হলে বোঝা যায়, যুদ্ধের আগে ইরানের হাতে যে পরিমাণ ক্ষেপণাস্ত্র ছিল, তার অর্ধেকের বেশি দেশটি পুনরায় মজুত করতে পেরেছে।
উপসাগরীয় মিত্রদের সতর্কবার্তা
প্রতিবেদন অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা, রাডার ব্যবস্থা এবং আগাম সতর্কীকরণ অবকাঠামোর দুর্বলতাগুলো বারবার সামনে এসেছে।
এদিকে তেহরানের ওপর নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিবর্তে নিষেধাজ্ঞা ও অবরোধের মাধ্যমে অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার পথ বেছে নিয়েছে ওয়াশিংটন।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় উপসাগরীয় মিত্রদেশগুলো নতুন করে সংঘাত শুরু না করার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে। অন্যদিকে ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নিতে ওয়াশিংটনের ওপর চাপ দিয়ে যাচ্ছে ইসরায়েল।
আরও পড়ুন:







