রবিবার

১৫ নভেম্বর, ২০২৬ ১ অগ্রাহায়ণ, ১৪৩৩

ইসরাইলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬ ০৯:৫৮

শেয়ার

ইসরাইলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার নিহত
ছবি সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও হামাসের সামরিক কমান্ডারদের লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। এবার হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে সংগঠনটি। তিনি আবু মাহমুদ নামেও পরিচিত ছিলেন।

রাফাহ ব্রিগেডের নেতৃত্বে পরিবর্তন

সামির আবু ইউনুসের আগে রাফাহ ব্রিগেডের দায়িত্বে ছিলেন নায়েল আবু ওবেইদ। আবু আতিয়া নামে পরিচিত এই কমান্ডার ২০২৬ সালের সেপ্টেম্বরে নিহত হন। পরে তার স্থলাভিষিক্ত হন সামির আবু ইউনুস।

নাসের মেডিকেল কমপ্লেক্সে হামলায় নিহত ছয়জন

এর আগে বৃহস্পতিবার গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে হামলা চালায় ইসরাইলি বাহিনী। ইসরাইলের দাবি, হামলায় হামাসের খান ইউনুস ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ আবু ইসমাইল এবং হাসপাতালে আশ্রয় নেওয়া আরও কয়েকজন যোদ্ধাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

তবে ওই হামলায় একজন চিকিৎসক ও এক শিশুসহ ছয়জন নিহত হন।

হামলাটির তীব্র নিন্দা জানিয়েছে হামাস। সংগঠনটি ঘটনাটিকে যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছে। হামাসের দাবি, তাদের সদস্যদের লক্ষ্যবস্তু করার বিষয়ে ইসরাইলের বক্তব্য বেসামরিক চিকিৎসাকেন্দ্রে সংঘটিত যুদ্ধাপরাধ আড়াল করার চেষ্টা। আন্তর্জাতিক আইন অনুযায়ী, এ ধরনের চিকিৎসাকেন্দ্র সুরক্ষিত।

এর আগে এক বিবৃতিতে হামাস মধ্যস্থতাকারী ও যুক্তরাষ্ট্রের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেছিল, দখলদার বাহিনীর চলমান লঙ্ঘন বন্ধ এবং যুদ্ধবিরতি মেনে চলা নিশ্চিত করতে পদক্ষেপ নিতে হবে।

যুদ্ধবিরতির পরও নিহত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা