রবিবার

১৫ নভেম্বর, ২০২৬ ১ অগ্রাহায়ণ, ১৪৩৩

মালয়েশিয়ায় ১০ মাসে আটক ৭০ হাজারের বেশি অভিবাসী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬ ২৩:৫৫

শেয়ার

মালয়েশিয়ায় ১০ মাসে আটক ৭০ হাজারের বেশি অভিবাসী
ছবি সংগৃহীত

চলতি বছরের প্রথম ১০ মাসে মালয়েশিয়াজুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ১১ হাজার ৮০৮টি অভিযান চালিয়ে ৭০ হাজার ১৯৫ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। প্রতিদিন গড়ে ২২৮ জন বিদেশি নাগরিক আটক হচ্ছেন। একই সময়ে ৪৭ হাজারের বেশি অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। দেশটির বিভিন্ন রাজ্যে আবাসিক ভবন, শ্রমিকদের থাকার জায়গা, খাবারের দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান ও নির্মাণস্থলে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। অভিযানের সময় বিদেশি নাগরিকদের বিভিন্ন সংকীর্ণ জায়গায় লুকিয়ে থাকতে দেখা যাচ্ছে। এমনকি খাটের নিচে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হচ্ছে না অনেকের।

প্রতিদিন গড়ে ৩৮টির বেশি অভিযান

মালয়েশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রকাশিত তথ্যে জানা যায়, ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে ১১ হাজার ৭৫৫টি অভিবাসনবিরোধী অভিযান চালানো হয়। এসব অভিযানে ৬৯ হাজার ৭৬০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। একই সময়ে ৪৭ হাজার ৫৫৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

তবে ১২ নভেম্বর দেশটির সংসদে দেওয়া তথ্যে অভিযানের সংখ্যা ও আটকের পরিসংখ্যান আরও বেড়ে যাওয়ার কথা জানানো হয়। এতে বলা হয়, ১ জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১১ হাজার ৮০৮টি অভিযান চালিয়ে ৭০ হাজার ১৯৫ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। সে হিসাবে প্রতিদিন গড়ে ৩৮টির বেশি অভিযান এবং ২২৮ জন বিদেশি নাগরিক আটক হচ্ছেন।

সেলাঙ্গরে এক দিনে আটক ৩৪ বিদেশি

সর্বশেষ শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টা থেকে সেলাঙ্গর রাজ্যের কামপুং বারু সুবাং, আমপাং ও হুলু লাঙ্গাত এলাকায় একযোগে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৩৪ জন বিদেশি নাগরিককে আটক করেছে রাজ্য অভিবাসন বিভাগ (জেআইএম)।

অপস সাপু, অপস সেলেরা ও অপস কুতিপ নামে পৃথক তিনটি অভিযানে আবাসিক এলাকা, খাবারের দোকান ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়।

সেলাঙ্গর অভিবাসন বিভাগের সরকারি সামাজিক মাধ্যমে প্রকাশিত অভিযানের ভিডিওতে দেখা যায়, কয়েকজন বিদেশি নাগরিক নিজেদের আড়াল করতে সংকীর্ণ জায়গায় লুকিয়ে রয়েছেন। তাদের একজন খাটের নিচে আশ্রয় নেন। তবে কর্মকর্তারা তার অবস্থান শনাক্ত করে সেখান থেকে বের করে আনেন।

অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, অভিযানে ১৮ জন কর্মকর্তা অংশ নেন। এ সময় ৩৮ জনের পরিচয় ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয় ৩৪ জনকে।

বিভাগটির বিবৃতিতে জানানো হয়, আমপং এলাকার কয়েকটি খাবারের দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে আটজন মিয়ানমারের এবং একজন করে ইন্দোনেশিয়া ও ভারতের নাগরিক। পরে হুলু লাঙ্গাত এলাকায় অভিযান চালিয়ে পোল্যান্ডের একজন নাগরিককে আটক করা হয়।

এ ছাড়া একজন সাক্ষীকে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে। বৈধ কাগজপত্র ছাড়া বিদেশি কর্মী নিয়োগের অভিযোগে একজন নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

জুমার নামাজ পরিচালনার অভিযোগে সুরাউ পরিদর্শন

কামপুং বারু সুবাং এলাকায় পরিচালিত সমন্বিত অভিযানে রাজ্য ইসলামিক ধর্মবিষয়ক বিভাগ (জেএআইএস), রয়্যাল মালয়েশিয়ান পুলিশ (পিডিআরএম) এবং শাহ আলম সিটি কাউন্সিলের (এমবিএসএ) কর্মকর্তারাও অংশ নেন।

অনুমোদন ছাড়াই জুমার নামাজ পরিচালনার অভিযোগে সেখানে একটি সুরাউ বা নামাজের স্থান পরিদর্শন করা হয়। এ সময় ইসলামিক ধর্মবিষয়ক বিভাগের কর্মকর্তারা তাদের এখতিয়ারভুক্ত বিভিন্ন অভিযোগে ১২৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেন। তবে অভিবাসন বিভাগের কর্মকর্তারা তল্লাশি চালিয়ে সেখানে অভিবাসন আইন লঙ্ঘনের কোনো ঘটনা পাননি।

বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের সতর্ক করে সেলাঙ্গর অভিবাসন বিভাগ জানিয়েছে, প্রত্যেক বিদেশি কর্মীর বৈধ ভ্রমণ নথি ও কাজের অনুমতিপত্র রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে।

বিভাগটি আরও জানিয়েছে, অবৈধ অভিবাসীদের অবস্থান ও কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান জোরদার করা হবে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে এসব অভিযান পরিচালনা করা হবে। অভিবাসন আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অভিবাসন আইন লঙ্ঘনের বিষয়ে কোনো তথ্য থাকলে সামাজিক মাধ্যমের মন্তব্যের ঘরে না লিখে বিভাগের নির্ধারিত সরকারি মাধ্যমে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ ২০২৭ সালের মে পর্যন্ত

অভিযানের পাশাপাশি অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় নিজ দেশে ফেরার সুযোগ দিতে মালয়েশিয়া সরকার অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি (পিআরএম ২.০) চালু রেখেছে। কর্মসূচিটির মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত করা হয়েছে।

যেসব বিদেশি নাগরিকের বৈধ পাস বা অনুমতিপত্র নেই কিংবা অনুমোদিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থান করছেন, তারা নির্ধারিত শর্ত পূরণ করে এ কর্মসূচির আওতায় স্বেচ্ছায় দেশে ফিরতে পারবেন। অপরাধের ধরন অনুযায়ী এ ক্ষেত্রে ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত জরিমানা এবং ২০ রিঙ্গিত বিশেষ পাসের ফি দিতে হয়। পাশাপাশি প্রয়োজনীয় ভ্রমণ নথি ও দেশে ফেরার টিকিট জমা দিতে হবে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৯ মে থেকে ২০২৬ সালের ২৯ এপ্রিল পর্যন্ত ১১২টি দেশের ২ লাখ ৫৪ হাজার ১৮৬ জন অবৈধ অভিবাসী এ কর্মসূচিতে নিবন্ধন করেছেন। এ সময় জরিমানা ও অন্যান্য ফি বাবদ সরকারের আয় হয়েছে ১২ কোটি ৭০ লাখ রিঙ্গিত।

অভিবাসন বিভাগ জানিয়েছে, স্বেচ্ছায় প্রত্যাবাসনের সুযোগ চালু থাকলেও অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। দেশজুড়ে গোয়েন্দা নজরদারি, সমন্বিত অভিযান ও নিয়মিত তল্লাশি চলবে।

এ পরিস্থিতিতে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের যেসব নাগরিকের বৈধ কাগজপত্র নেই কিংবা অনুমতিপত্রের শর্ত লঙ্ঘন করছেন, তাদের আটকের ঝুঁকি রয়েছে। একই সঙ্গে অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগ ও আশ্রয় দেওয়ার অভিযোগে নিয়োগকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে দেশটির কর্তৃপক্ষ।