শনিবার

১৪ নভেম্বর, ২০২৬ ৩০ কার্তিক, ১৪৩৩

গাজায় হাসপাতালে ইসরাইলি হামলার নিন্দা জানাল ১৮ দেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬ ২১:২৮

শেয়ার

গাজায় হাসপাতালে ইসরাইলি হামলার নিন্দা জানাল ১৮ দেশ
ছবি সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসে নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বিমান হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান, সৌদি আরব, তুরস্কসহ ১৮টি মুসলিমপ্রধান দেশ। ওই হামলায় এক চিকিৎসক ও এক শিশুসহ অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন।

হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলল ১৮ দেশ

এক যৌথ বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলের হামলা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন। এ হামলায় রোগী ও চিকিৎসাকর্মীদের জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

বিবৃতিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের অব্যাহত হামলারও নিন্দা জানানো হয়। এসব হামলা গাজায় কার্যকর যুদ্ধবিরতিকে দুর্বল করে দিচ্ছে বলে সতর্ক করেন পররাষ্ট্রমন্ত্রীরা।

মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ

বিবৃতিতে বলা হয়, ইসরাইল গাজায় চিকিৎসাসামগ্রী ও শীতকালীন আশ্রয় উপকরণসহ মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে। পর্যাপ্ত আশ্রয়ের অভাব এবং পানি, পয়োনিষ্কাশন ও স্বাস্থ্যসেবার ক্রমাবনতিশীল পরিস্থিতি শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে শিশু ও নবজাতকদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবে।

পররাষ্ট্রমন্ত্রীরা ইসরাইলকে যুদ্ধবিরতির শর্ত মেনে চলা, নির্বিঘ্নে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়া এবং যুদ্ধবিরতি চুক্তির আওতায় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান।

একই সঙ্গে গাজায় মানবিক সহায়তা প্রবেশের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহারে ইসরাইলের ওপর চাপ প্রয়োগ করতে যুক্তরাষ্ট্র ও বোর্ড অব পিসের প্রতিও আহ্বান জানান তারা।