ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। শুক্রবার কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতদের জোরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আসামের গ্রামীণ উন্নয়নমন্ত্রী অতুল বোরা জানিয়েছেন, নিহতদের মধ্যে বেশ কয়েকজন কলেজশিক্ষার্থী রয়েছেন। তবে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অতিরিক্ত গতিতে চলছিল একটি গাড়ি
অতুল বোরা বলেন, প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় বাস ও ট্রাকের কোনো একটি অতিরিক্ত গতিতে চলছিল। তবে তদন্ত শেষ হওয়ার পরই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
বাসটি বোকাখাত থেকে যাত্রী নিয়ে নগাঁওয়ের দিকে যাচ্ছিল। বোকাখাত কাজিরাঙা জাতীয় উদ্যানের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। এক শিংবিশিষ্ট গণ্ডারের জন্য বিখ্যাত এই উদ্যানটি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়। অন্যদিকে, নগাঁও আসামের মধ্যাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ কৃষি ও বাণিজ্যিক কেন্দ্র। সড়কপথে বোকাখাত থেকে নগাঁওয়ের দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার।
আহতদের চিকিৎসায় অগ্রাধিকার দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, এই ক্ষয়ক্ষতির ব্যাপকতা সবাইকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। আহত ব্যক্তিরা যেন বিলম্ব ছাড়াই সর্বোত্তম চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার।
আঞ্চলিক বিরোধী দলের প্রধান লুরিনজ্যোতি গগৈ বলেছেন, আসামে দীর্ঘদিন ধরেই সড়ক নিরাপত্তা বড় ধরনের উদ্বেগের বিষয়। সরকারকে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিতে হবে।
ভারতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বাড়ছে
ভারতে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়। ২০২৩ সালে দেশটির সড়কগুলোতে প্রাণ হারিয়েছিলেন ১ লাখ ৭২ হাজার মানুষ। সে হিসাবে প্রতিদিন গড়ে ৪৭৪ জনের মৃত্যু হয়েছিল, অর্থাৎ প্রায় প্রতি তিন মিনিটে একজন।
২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ লাখ ৮৩ হাজার ৩৮২। বিশেষজ্ঞদের মতে, ভারতে সড়ক দুর্ঘটনার এই সংকটের পেছনে অবকাঠামোগত দুর্বলতার পাশাপাশি মানুষের আচরণ, আইন প্রয়োগের ঘাটতি এবং দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক অবহেলাও দায়ী।
আরও পড়ুন:







