সমুদ্রে চলন্ত জাহাজে বিস্ফোরণ। ইঞ্জিনকক্ষে আগুন। প্রাণ বাঁচাতে সরিয়ে নিতে হচ্ছে নাবিকদের। হরমুজ প্রণালি ও আশপাশের জলপথে একের পর এক হামলায় বাড়ছে উদ্বেগ। রয়টার্স জানিয়েছে, অক্টোবরে এই অঞ্চলে ৩৭টি হামলা নথিভুক্ত হয়েছে। নভেম্বরের প্রথম ১০ দিনেও অন্তত ১০টি জাহাজ আক্রান্ত হয়েছে।
ইরানের দাবি চার তেলবাহী জাহাজে বিস্ফোরণ
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইরানের সামরিক বাহিনী দাবি করে, দুই দিনে হরমুজে চারটি তেলবাহী জাহাজ বিস্ফোরণের শিকার হয়েছে। তাদের বক্তব্য, সতর্কতা উপেক্ষা করে অনুমতি ছাড়া নির্দিষ্ট পথে ঢুকে জাহাজগুলো সমুদ্রে পাতা মাইনে আঘাত করে। তবে রয়টার্স জানিয়েছে, ইরানের এই বিবরণ স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
রাস আল খাইমায় জাহাজে আঘাত ও আগুন
আলাদা একটি ঘটনার তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও। সংস্থাটির বরাতে রয়টার্স বলছে, বুধবার সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমার উত্তর-পশ্চিমে একটি জাহাজে অজ্ঞাত বস্তু আঘাত করে। এতে ইঞ্জিনকক্ষে আগুন লাগে। জাহাজ থেকে সব নাবিককে নিরাপদে সরিয়ে নেয়া হয়।
জলপথের গুরুত্ব ও সরবরাহ ঝুঁকি
এই জলপথ এত গুরুত্বপূর্ণ কেন? রয়টার্সের তথ্য অনুযায়ী, যুদ্ধের আগে বিশ্বের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বাণিজ্যের প্রায় পাঁচ ভাগের এক ভাগ এই পথে যেত। তাই এখানে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হলে জ্বালানি সরবরাহে চাপ পড়ে। সেই চাপ তেলের দাম থেকে পণ্য পরিবহনের খরচ পর্যন্ত ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করে।
বিশ্লেষকদের সতর্কবার্তা
হামলা বাড়ার বিষয়টি নিয়েও সতর্ক করেছেন স্পার্টা কমোডিটিজের জ্যেষ্ঠ বিশ্লেষক জুন গোহ। রয়টার্সকে তিনি বলেছেন, কূটনৈতিক আলোচনা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই উপসাগরের নৌপথে জাহাজে হামলা বেড়েছে। তবে, হামলার উদ্বেগ থাকলেও সমঝোতার আশায় তেলের দাম কমার প্রবণতাও দেখা গেছে। ফলে বাজারে একই সঙ্গে কাজ করছে শান্তির আশা ও নতুন সংঘাতের ভয়।
চুক্তি হলেই যে জাহাজ চলাচল সঙ্গে সঙ্গে স্বাভাবিক হবে, তা-ও নয়। এলএসইজি অয়েল রিসার্চের বিশ্লেষণ বলছে, আগে সমুদ্রের মাইন সরাতে হবে। জাহাজের বিমার খরচ এবং মালিকেরা ঝুঁকি নিতে রাজি হবেন কি না, সেটিও গুরুত্বপূর্ণ। তাই হরমুজের সংকট শুধু যুদ্ধের নয়—নাবিকের জীবন, জ্বালানি সরবরাহ এবং বিশ্ববাণিজ্যের নিরাপত্তারও প্রশ্ন।
আরও পড়ুন:







