যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর আবারও উড়োজাহাজের উড্ডয়ন শুরু হয়েছে। দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় শুক্রবার সন্ধ্যায় বিমান চলাচল পুনরায় চালু হয়। তবে ফ্লাইটের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েক দিন লাগতে পারে।
যোগাযোগব্যবস্থায় বিঘ্নে অচল হয়ে পড়ে বিমান চলাচল
সরকারি কর্মকর্তারা জানান, বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার গুরুত্বপূর্ণ যোগাযোগে বড় ধরনের বিঘ্ন দেখা দেওয়ায় শুক্রবার দেশজুড়ে সব উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে যুক্তরাষ্ট্রের বিমান পরিবহন খাতে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।
চার ঘণ্টারও বেশি সময় ধরে নিষেধাজ্ঞা কার্যকর থাকায় যাত্রীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়। পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকায় কোনো কোনো ক্ষেত্রে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে দেন সংশ্লিষ্ট এয়ারলাইনসের কর্মীরা।
ফ্লাইট চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, শুক্রবার যুক্তরাষ্ট্রে ৪ হাজার ৭০০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বিলম্বিত হয়েছে প্রায় ১০ হাজার ফ্লাইট। শনিবারের জন্যও আগাম প্রায় ৭০০টি ফ্লাইট বাতিল করা হয়েছিল। বিমান চলাচল বিশ্লেষকদের ধারণা, ফ্লাইটের সময়সূচি ও কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে এয়ারলাইনসগুলোর কয়েক দিন সময় লাগতে পারে।
নিরাপত্তার জন্য হুমকির তথ্য পাওয়া যায়নি
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন জানিয়েছেন, এ ঘটনায় দেশটির নিরাপত্তার জন্য কোনো হুমকির তথ্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত কোনো হামলার আলামতও এখন পর্যন্ত মেলেনি।
প্রাথমিকভাবে ঘটনাটিকে টেলিযোগাযোগব্যবস্থার ত্রুটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে তদন্তের এই পর্যায়ে কোনো সম্ভাবনাই পুরোপুরি নাকচ করা হচ্ছে না বলে জানান তিনি।
১১ সেপ্টেম্বরের পর দ্বিতীয়বার দেশজুড়ে উড্ডয়ন স্থগিত
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রের আকাশসীমায় দেশজুড়ে উড্ডয়ন স্থগিতের ঘটনা এটি দ্বিতীয়বার। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে নোটিস টু এয়ার মিশনস (নোটাম) ব্যবস্থায় ত্রুটির কারণে একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল।
নোটাম ব্যবস্থার মাধ্যমে পাইলটদের উড্ডয়নসংক্রান্ত ঝুঁকি, বিমানবন্দরের সুযোগ-সুবিধার পরিবর্তন এবং ফ্লাইট পরিচালনায় প্রভাব ফেলতে পারে—এমন গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়। ২০২৩ সালে এই ব্যবস্থায় প্রযুক্তিগত সমস্যার কারণে যুক্তরাষ্ট্রে প্রায় দুই ঘণ্টা বিমান উড্ডয়ন বন্ধ রেখেছিল এফএএ।
আরও পড়ুন:







