বাহরাইনের দিকে ইরানের ছোড়া দুটি হামলাকারী ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় কেউ হতাহত হননি এবং কোনো ক্ষয়ক্ষতিও হয়নি বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বাহরানের দিকে দুটি হামলাকারী ড্রোন পাঠিয়েছিল। মার্কিন বাহিনী ড্রোন দুটি ভূপাতিত করে।
এদিকে, দিনের শুরুতে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি ‘আর্লি-ওয়ার্নিং রাডার’ বা আগাম সতর্কবার্তা দেয়ার রাডারে হামলা চালানোর যে দাবি আইআরজিসি করেছে, তা অস্বীকার করেছে সেন্টকম।
এ বিষয়ে আরও তথ্য পাওয়া গেলে তা জানানো হবে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর এই কমান্ড।
এদিকে হরমুজ প্রণালিতে একের পর এক ঘটনায় বাড়ছে উত্তেজনা। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের নৌবাহিনী।
শুক্রবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, হরমুজ প্রণালির কাছে সিরিক উপকূলের কোহস্তাক এলাকায় যুক্তরাষ্ট্রের ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।
এ বিষয়ে ইরানের নৌবাহিনী বলেছে, দেশের ভূখণ্ড, সমুদ্রসীমা ও জাতীয় স্বার্থ রক্ষায় তারা সব সময় প্রস্তুত। এসব রক্ষার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেবে না তারা।
ড্রোনটি ভূপাতিত করার পর এর কিছু ছবি প্রকাশ করেছে ইরনা। ছবিতে সামরিক সরঞ্জামের ক্ষতিগ্রস্ত কিছু অংশ দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে।
আরও পড়ুন:







