শুক্রবার

১৩ নভেম্বর, ২০২৬ ২৯ কার্তিক, ১৪৩৩

মধ্যরাতে ইরানের সিরিক শহরে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬ ০৯:২৪

শেয়ার

মধ্যরাতে ইরানের সিরিক শহরে হামলা, দফায় দফায় বিস্ফোরণ
ছবি সংগৃহীত

হরমুজ প্রণালির কাছে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে মধ্যরাতে হামলার ঘটনা ঘটেছে। শহরটিতে শত্রুপক্ষের হামলা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। এর আগে সেখানে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে হামলাকারী কারা, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইরানের হরমোজগান প্রদেশের সিরিক শহরে গভীর রাতে হামলার খবর প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা। সরকারি সূত্রের বরাতে সংস্থাটি জানায়, শহরটিতে সামরিক ধরনের হামলা হয়েছে। তবে হামলার লক্ষ্যবস্তু ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

বিস্ফোরণের কারণ নিয়ে ভিন্ন তথ্য

আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, হরমোজগান প্রদেশের পূর্বাঞ্চলীয় সিরিক কাউন্টিতে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রথমদিকে বিস্ফোরণের কারণ স্পষ্ট ছিল না।

তবে কয়েকটি সূত্রের ধারণা, সামুদ্রিক নিয়মকানুন লঙ্ঘনের অভিযোগে কিছু জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ার কারণে বিস্ফোরণের শব্দ হতে পারে।

ইরানের কর্মকর্তারা তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার যুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করতে প্রায়ই শত্রুপক্ষ শব্দটি ব্যবহার করেন। তবে সিরিকের হামলায় কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

সিরিকে হামলার খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ বেড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম বেড়েছে ২ দশমিক ৩৬ শতাংশ।

ইরানের দক্ষিণ উপকূলে হরমুজ প্রণালির পূর্ব দিকে সিরিক শহরের অবস্থান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।