ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নরওয়েজীয় সাংবাদিক হেলে লিংকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। বৈধ ভিসা থাকা সত্ত্বেও হায়দরাবাদ যাওয়ার কয়েক ঘণ্টা আগে তার ভিসা বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
তেলেঙ্গানা সরকারের আয়োজনে আগামী ১৩ নভেম্বর থেকে হায়দরাবাদে শুরু হতে যাওয়া দুই দিনব্যাপী ভারত সামিটে বক্তা হিসেবে অংশ নেওয়ার কথা ছিল হেলে লিংয়ের। বুধবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার মাত্র ১০ মিনিট আগে নরওয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে ফোন করে তাকে জানানো হয়, তিনি ভারতে যেতে পারবেন না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ভিসা বাতিলের অভিযোগ
নরওয়ের সংবাদপত্র দাগসাভিসেনে কর্মরত হেলে লিংয়ের অভিযোগ, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের নির্দেশে তার ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ করে দেওয়া এক ভিডিও বার্তায় লিং বলেন, ভিসা ও রাজনৈতিক ছাড়পত্র পাওয়ার পর তিনি গণমাধ্যম, সংবাদপত্রের স্বাধীনতা ও গণতন্ত্রবিষয়ক একটি অধিবেশনে বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
শেষ মুহূর্তে ভিসা বাতিলের সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি। তার ধারণা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার সরকারের সমালোচনা করার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে।
এ ছাড়া মোদির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শিল্পপতি গৌতম আদানি ও মুকেশ আম্বানির সমালোচনা করে লেখা নিবন্ধ এবং ককরোচ জনতা পার্টি আন্দোলন নিয়ে ইতিবাচক মতামত প্রকাশ ও দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের সাক্ষাৎকার নেওয়ার বিষয়টিও সিদ্ধান্তের পেছনে ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন তিনি।
প্যানেল আলোচনার এখনো সময় বাকি রয়েছে উল্লেখ করে ভিসা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অমিত শাহের প্রতি আহ্বান জানিয়েছেন লিং।
অসলোতে মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসেন লিং
২০২৬ সালের ১৮ মে নরওয়ের রাজধানী অসলোতে দেশটির প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের সঙ্গে যৌথ সংবাদ বিবৃতি শেষে মোদি চলে যাওয়ার সময় তাকে প্রশ্ন করেছিলেন হেলে লিং। তিনি জানতে চেয়েছিলেন, বিশ্বের সবচেয়ে স্বাধীন গণমাধ্যমের কিছু প্রশ্নের উত্তর প্রধানমন্ত্রী মোদি কেন দিচ্ছেন না। তবে কোনো উত্তর না দিয়েই স্থান ত্যাগ করেন মোদি।
পরবর্তী সময়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়েও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছিলেন লিং। জবাবে মন্ত্রণালয় বিশ্ব সংস্কৃতিতে ভারতের অবদান হিসেবে শূন্য, যোগব্যায়াম ও দাবার কথা তুলে ধরেছিল।
আরও পড়ুন:







