বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৮ কার্তিক, ১৪৩৩

ইরানে নতুন হামলার প্রস্তুতি নিতে চান নেতানিয়াহু, আপত্তি আইজেনকোটের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ১৬:০৪

শেয়ার

ইরানে নতুন হামলার প্রস্তুতি নিতে চান নেতানিয়াহু, আপত্তি আইজেনকোটের
ছবি সংগৃহীত

ইরানে ফের হামলার প্রস্তুতি নিতে প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) নির্দেশ দিয়েছেন ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তার এ উদ্যোগে আপত্তি জানিয়েছেন সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোট। রাজনৈতিক পালাবদলের এই সময়ে বড় ধরনের নিরাপত্তা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিরাপত্তা সিদ্ধান্তে সংযমের আহ্বান

ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার (১১ নভেম্বর) পাঠানো এক চিঠিতে নেতানিয়াহুকে সংযম প্রদর্শনের আহ্বান জানান আইজেনকোট। তিনি যুক্তি দেন, রাজনৈতিক পালাবদলের সময় বড় ধরনের নিরাপত্তা সিদ্ধান্ত ইসরায়েলের গণতন্ত্র এবং সরকারি প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা ক্ষুণ্ন করতে পারে।

চিঠিতে আইজেনকোট লেখেন, সংযম ও সতর্কতা দেখান এবং নেসেটের আস্থাভাজন নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত অপেক্ষা করা সম্ভব এমন বিপজ্জনক পদক্ষেপ থেকে বিরত থাকুন।

তিনি আরও সতর্ক করেন, জরুরি পদক্ষেপ নেওয়ার মতো সরাসরি ও তাৎক্ষণিক হুমকি না থাকলে নিরাপত্তা বাহিনী মোতায়েনের ভয়াবহ পরিণতি হতে পারে।

আইডিএফ প্রধানেরও আপত্তির খবর

ইসরায়েলি গণমাধ্যমে এর আগে খবর প্রকাশিত হয়, আইডিএফের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট-জেনারেল ইয়াল জামিরের আপত্তি সত্ত্বেও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন নেতানিয়াহু।

চ্যানেল টুয়েলভের প্রতিবেদনে বলা হয়, জামির অনির্দিষ্ট সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছিলেন। গত ২৭ অক্টোবরের নির্বাচন সামনে রেখেও একই ধরনের প্রস্তাবের বিরোধিতা করেন তিনি। সামরিক নেতৃত্বের আশঙ্কা ছিল, উত্তেজনা বাড়লে ভোটগ্রহণ ব্যাহত হতে পারে।

আইজেনকোটের চিঠিতে সরাসরি ইরানের নাম উল্লেখ করা হয়নি। তবে চিঠি পাঠানোর সময়ের সঙ্গে নেতানিয়াহুর কথিত সামরিক উদ্যোগের যোগসূত্র নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

নিরাপত্তা ব্রিফিং না দেওয়ার অভিযোগ

নেতানিয়াহুর কার্যালয়ের বিরুদ্ধে নিরাপত্তা ব্রিফিংয়ের ব্যবস্থা না করার অভিযোগও এনেছেন আইজেনকোট। নিয়মিত গোয়েন্দা মূল্যায়ন ও নিরাপত্তা তথ্য পাওয়ার সুযোগ নিশ্চিত করতে তিনি অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারার হস্তক্ষেপ চেয়েছেন।

অন্যদিকে নেতানিয়াহুর শিবির আইজেনকোটের সমালোচনা প্রত্যাখ্যান করেছে। তাদের অভিযোগ, আইজেনকোট জাতীয় নিরাপত্তার বিষয়গুলোকে রাজনীতিকরণ করছেন। নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে বিতর্ক হওয়া উচিত নয় বলেও যুক্তি দিয়েছে নেতানিয়াহুর পক্ষ।

সরকার গঠনের দায়িত্বে আইজেনকোট

ইসরায়েলের সাবেক সামরিক জেনারেল গাদি আইজেনকোট মধ্য-ডানপন্থী ইয়াশার পার্টির নেতা। তিনি চার দশকেরও বেশি সময় আইডিএফে দায়িত্ব পালন করেছেন। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি বাহিনীটির চিফ অব দ্য জেনারেল স্টাফ ছিলেন।

২০২২ সালে রাজনীতিতে প্রবেশের পর ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর নেতানিয়াহুর জরুরি ঐক্য সরকারে যোগ দেন তিনি। তবে যুদ্ধ-পরবর্তী কৌশলের সমালোচনা করে ২০২৪ সালের জুনে পদত্যাগ করেন।

গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর ৪৬ জন আইনপ্রণেতা নেতানিয়াহুকে সমর্থন দিলেও ৬৭ জন আইনপ্রণেতা আইজেনকোটকে সুপারিশ করেন। এর পরিপ্রেক্ষিতে ৮ নভেম্বর প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ আনুষ্ঠানিকভাবে আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন।

শাসক জোট গঠনের জন্য আইজেনকোট ২৮ দিন সময় পেয়েছেন। প্রয়োজনে এ সময় আরও ১৪ দিন বাড়ানো হতে পারে। নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত নেতানিয়াহু অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সামরিক বাহিনীর ওপর তার কর্তৃত্ব বজায় থাকবে।