বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৮ কার্তিক, ১৪৩৩

বিয়েবহির্ভূত সন্তান জন্ম, সৌদি আরবে কেনীয় গৃহকর্মীকে ১০০ বেত্রাঘাত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ১১:৪২

শেয়ার

বিয়েবহির্ভূত সন্তান জন্ম, সৌদি আরবে কেনীয় গৃহকর্মীকে ১০০ বেত্রাঘাত
ছবি সংগৃহীত

সৌদি আরবে বিয়েবহির্ভূত সম্পর্কের কারণে সন্তান জন্ম দেওয়ার অভিযোগে এস্থার ওয়ানজা মুথোনি নামে এক কেনীয় গৃহকর্মীকে ১০০ বেত্রাঘাতের সাজা দিয়েছেন দেশটির আদালত। গত মাসে রিয়াদের একটি ফৌজদারি আদালত তাঁর বিরুদ্ধে এ রায় দেন। এ ঘটনায় মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ ও নিন্দা জানিয়েছে।

বুধবার (১১ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মিসরীয় নাগরিকের সঙ্গে সম্পর্কে অন্তঃসত্ত্বা

প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করার সময় এক মিসরীয় নাগরিকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে অন্তঃসত্ত্বা হন মুথোনি। ২০২৫ সালের আগস্টে তিনি একটি ছেলেসন্তানের জন্ম দেন। তবে সন্তান জন্মের আগেই ওই ব্যক্তি সৌদি আরব ছেড়ে চলে যান।

সন্তান জন্মের পর বিষয়টি জানাজানি হলে মুথোনিকে হাসপাতালে নেওয়া হয়। পরে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। সৌদি আরবে অবিবাহিত নারীদের সন্তান জন্ম দেওয়ার বিষয়টি পুলিশকে জানানো হাসপাতালগুলোর জন্য বাধ্যতামূলক। এ কারণে অনেক নারী গ্রেপ্তার এড়াতে বাড়িতে গোপনে সন্তান জন্ম দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আদালতে আইনজীবী পাননি মুথোনি

গত মাসে রিয়াদের একটি ফৌজদারি আদালতের তিন বিচারকের প্যানেল মুথোনিকে দোষী সাব্যস্ত করে ১০০ বেত্রাঘাতের সাজা দেন। শুনানির সময় তাঁর জন্য একজন দোভাষীর ব্যবস্থা থাকলেও কোনো আইনজীবী ছিলেন না।

সাজা ঘোষণার পরও তিনি আপিল করেননি। তাঁর আশা, দ্রুত আইনি প্রক্রিয়া শেষ হলে সন্তানকে নিয়ে কেনিয়ায় ফিরতে পারবেন।

দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মুথোনি বলেন, আমি খুব ভয় পাচ্ছি। আমার মনে হয় না, আমি এই বেত্রাঘাত সহ্য করতে পারব।

সাজা কার্যকর না করার আহ্বান মানবাধিকার সংগঠনের

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন আল-কিস্টের ভারপ্রাপ্ত পরিচালক মরিয়ম আলদোসারি এ সাজা কার্যকর না করার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, মুথোনিকে কেনিয়ায় ফেরত পাঠানো উচিত। সৌদি আরবের আধুনিকায়ন ও নারীর ক্ষমতায়নের দাবির সঙ্গে এ ধরনের শাস্তি সাংঘর্ষিক।

সৌদি আরব ২০২০ সালে বিচারকদের নিজস্ব বিবেচনায় দেওয়া শাস্তির ক্ষেত্রে বেত্রাঘাতের বিধান বাতিলের ঘোষণা দেয়। তবে ইসলামি আইনে নির্ধারিত কিছু অপরাধের ক্ষেত্রে এ শাস্তির বিধান বহাল রয়েছে। ব্যভিচারও এসব অপরাধের অন্তর্ভুক্ত।

অভিবাসী অধিকারবিষয়ক সংগঠন ডু বোল্ডের তথ্য অনুযায়ী, সৌদি আরবের কঠোর কাফালা ব্যবস্থার কারণে দেশটিতে কর্মরত লাখ লাখ নারী গৃহকর্মী নানা ঝুঁকির মধ্যে রয়েছেন। অনেক ক্ষেত্রে নিয়োগকর্তারা তাঁদের পাসপোর্ট আটকে রাখেন এবং চলাফেরার ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেন। ফলে নির্যাতন বা আইনি জটিলতার শিকার হলেও অনেক নারী প্রয়োজনীয় আইনি সহায়তা পান না।

আদালত মুথোনিকে এক বছরের নির্বাসনের সাজাও দিয়েছেন। তবে তাঁকে কেনিয়ায় ফেরত পাঠানো হবে, নাকি সৌদি আরবের অন্য কোনো শহরে স্থানান্তর করা হবে, তা এখনো স্পষ্ট নয়। কবে তাঁর বেত্রাঘাতের সাজা কার্যকর করা হবে, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।