ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজায়ি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে হামলা চালানোর কাজে ব্যবহার করা হলে মধ্যপ্রাচ্যের বাইরেও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালাবে তেহরান। এসব ঘাঁটি ইউরোপের কোনো দেশে কিংবা বিশ্বের অন্য কোনো দূরবর্তী অঞ্চলে অবস্থিত হলেও সেগুলো ইরানের লক্ষ্যবস্তু হবে।
দূরবর্তী সামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু
বুধবার লেবাননভিত্তিক আল-মায়াদিন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজায়ি বলেন, মার্কিন সামরিক ঘাঁটি থেকে কোনো বিমান উড্ডয়ন করে ইরানে বোমা হামলা চালালে, সেই ঘাঁটি ইউরোপে কিংবা অন্য কোনো দূরবর্তী অঞ্চলে অবস্থিত হলেও ইরান সেখানে হামলা চালাবে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে ইরানে হামলা চালালে জবাবে দেশটির আরও দূরবর্তী সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হবে। এর মধ্যে এমন স্থাপনাও থাকবে, যেগুলোতে ইরান এখনো হামলা চালায়নি। তবে তিনি নির্দিষ্ট করে কোনো সামরিক স্থাপনার নাম উল্লেখ করেননি।
সাক্ষাৎকারে রেজায়ি আরও বলেন, ইরান এমন কিছু দ্বীপেও হামলা চালাতে পারে, যেগুলোকে যুক্তরাষ্ট্র নিজেদের ক্ষেপণাস্ত্রের আওতার বাইরে বলে মনে করে। সাক্ষাৎকারটি তেহরানে নেওয়া হয়।
২৮ ফেব্রুয়ারি শুরু হয় যুদ্ধ
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ শুরু হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হন।
এর জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। একই সঙ্গে লেবানন, ইয়েমেন ও ইরাকে ইরানের সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোও যুদ্ধে জড়িয়ে পড়ে। যুদ্ধের অবসান ঘটাতে কাতার ও পাকিস্তানের নেতৃত্বে কূটনৈতিক প্রচেষ্টা চলছে।
হরমুজ প্রণালি নিয়ে ইরানের শর্ত
তেহরান বলছে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্রকে তাদের একাধিক দাবি মেনে নিতে হবে। এসব দাবির মধ্যে রয়েছে ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা এবং দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। যুদ্ধ শুরুর পর থেকে গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহন পথটি অবরুদ্ধ করে রেখেছে ইরান।
পারমাণবিক কর্মসূচি নিয়ে অবস্থান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বারবার ইরানের পারমাণবিক কর্মসূচিকে যুদ্ধ শুরুর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে। তবে রেজায়ি বলেছেন, বর্তমানে পারমাণবিক ইস্যুটি আলোচনার অংশ নয়।
তিনি জানান, তেহরান ইতোমধ্যে কয়েকটি চূড়ান্ত সীমারেখা নির্ধারণ করেছে। এর মধ্যে রয়েছে, সমৃদ্ধ ইউরেনিয়ামের সামান্য পরিমাণও ইরানের বাইরে পাঠানো হবে না।
ইরানের পারমাণবিক কর্মসূচি এবং দেশটির ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক উত্তেজনার কারণ। পারমাণবিক বোমা তৈরির জন্য সাধারণত ৯০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন হয়।
নতুন হামলার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের
মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের অর্থনীতি দুর্বল করার প্রচেষ্টা সফল হয়েছে। এ অবস্থায় দেশটিতে নতুন করে হামলা চালানোর কোনো প্রয়োজন নেই।
সাম্প্রতিক সময়ে ইরানে নতুন করে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের হুমকি কমে এসেছে বলে মনে হচ্ছে। এর পেছনে আংশিকভাবে দেশটির সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির পরাজয়ের বিষয়টি রয়েছে।
আরও পড়ুন:







