বুধবার

১১ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

হেগসেথের অভিশংসনের উদ্যোগ আটকে দিলেন রিপাবলিকানরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ০৮:০০

শেয়ার

হেগসেথের অভিশংসনের উদ্যোগ আটকে দিলেন রিপাবলিকানরা
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাব সরাসরি ভোটে না তুলে প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটিতে পাঠানোর পক্ষে ভোট দিয়েছেন রিপাবলিকান আইনপ্রণেতারা। এর ফলে হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আপাতত থমকে গেছে। এ সিদ্ধান্তকে নিজেদের পূর্ণ বিজয় বলে ঘোষণা করেছে পেন্টাগন।

পেন্টাগনের মুখপাত্র শন পারনেল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ভিত্তিহীন অভিশংসন প্রস্তাবগুলো প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ, যুদ্ধ মন্ত্রণালয় এবং মার্কিন সেনাদের জন্য পূর্ণ বিজয়।

তিনি আরও বলেন, বিচার বিভাগীয় কমিটিতে এই প্রহসনমূলক অভিশংসন প্রচেষ্টার অবসান ঘটানোর অপেক্ষায় রয়েছে পেন্টাগন। সেখানে তথ্য-প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত আসবে এবং অপ্রয়োজনীয় বিতর্কের অবসান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

২১১-২০৪ ভোটে প্রস্তাব পাস

এর আগে দলীয় অবস্থানের ভিত্তিতে অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটি ২১১-২০৪ ভোটে পাস হয়। এর ফলে বিদায়ী রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসির নেওয়া হেগসেথকে অভিশংসনের উদ্যোগের পরবর্তী সিদ্ধান্তের ভার পড়েছে বিচার বিভাগীয় কমিটির ওপর।

আগামী জানুয়ারি পর্যন্ত প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে থাকবে। ফলে এ বিষয়ে শুনানি, অভিযোগ তদন্ত কিংবা অভিশংসনের প্রস্তাব পরবর্তী পর্যায়ে এগিয়ে নেওয়ার সিদ্ধান্তও কমিটির হাতে রয়েছে। বর্তমান নেতৃত্বের অধীনে এ উদ্যোগে আর অগ্রগতি হওয়ার সম্ভাবনা কম।

তাৎক্ষণিক অভিশংসন বিচারের আশঙ্কা নেই

প্রস্তাবটি কমিটিতে পাঠানোর ফলে আপাতত প্রতিনিধি পরিষদে হেগসেথের অভিশংসন নিয়ে সরাসরি কোনো ভোটাভুটির মুখোমুখি হতে হচ্ছে না। একই সঙ্গে সিনেটেও তাঁর অভিশংসন বিচার হওয়ার তাৎক্ষণিক আশঙ্কা নেই।

তবে আগামী জানুয়ারিতে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলে পরিস্থিতি পরিবর্তিত হতে পারে।

সূত্র: দ্য গার্ডিয়ান ও আলজাজিরা।