জেরুজালেমে বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক কর্তৃত্বের অবসানের পর ইসরায়েলের ২৬তম পার্লামেন্ট নেসেটের নবনির্বাচিত সদস্যরা শপথ নিয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) আয়োজিত আনুষ্ঠানিক অধিবেশনে দেশটির ১২০ জন আইনপ্রণেতা পর্যায়ক্রমে শপথ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে ইসরায়েলের সংসদীয় রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হলো।
শপথ নিলেন চার নতুন আইনপ্রণেতা
সব সদস্যের শপথ গ্রহণ শেষে নেসেটের সচিব নবগঠিত ২৬তম সংসদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে আইনপ্রণেতাদের অভিনন্দন জানান। এ সময় উপস্থিত সদস্যরা করতালি দিয়ে নতুন পার্লামেন্টের যাত্রাকে স্বাগত জানান।
অনুষ্ঠানে সবার শেষে পর্যায়ক্রমে শপথ নেওয়া চার আইনপ্রণেতাকে ঘিরে বিশেষ আলোচনা হয়। তাঁদের সবাই এবার প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের ব্যক্তিগত জীবনের সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার স্মৃতি ও ক্ষত জড়িয়ে রয়েছে।
তাঁদের একজন মধ্যপন্থি ইয়াশার দলের সদস্য শিরা শাপিরো। ৭ অক্টোবরের হামলায় তাঁর ছেলে আনের এলিয়াকিম শাপিরো নিহত হন।
অন্যজন ইসরায়েল বেইতেনু দলের শ্যারন শারাবি। হামলার দিন কিবুতজ বেইরি থেকে তাঁর দুই ভাই এলি ও ইয়োসি শারাবিকে অপহরণ করে গাজায় নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে ইয়োসি বন্দিদশায় প্রাণ হারান।
একই দলের অপর নতুন সদস্য নোয়াম তিবন ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সাবেক জেনারেল। ৭ অক্টোবরের হামলার সময় সামরিক বাহিনীর আনুষ্ঠানিক নির্দেশনার অপেক্ষা না করে তিনি নিজেই যুদ্ধক্ষেত্রে ছুটে যান। পরে নাহাল ওজ এলাকা থেকে নিজের ছেলে ও তাঁর পরিবারকে উদ্ধার করে নিয়ে আসেন।
লিকুদ দলের নতুন সদস্য এরেজ তাদমোর
শেষ সারিতে শপথ নেওয়া অপর নতুন আইনপ্রণেতা ডানপন্থি লিকুদ দলের এরেজ তাদমোর। তিনি ইসরায়েলের কট্টর ডানপন্থি রাজনৈতিক ও সামাজিক আন্দোলন ইম তিরতজুর প্রতিষ্ঠাতা।
নতুন আইনপ্রণেতাদের শপথ অনুষ্ঠানে নেতানিয়াহু-পরবর্তী ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক মেরুকরণের বিষয়ও উঠে আসে। পাশাপাশি ৭ অক্টোবরের হামলার গভীর মনস্তাত্ত্বিক প্রভাব ও জাতীয় ক্ষতচিহ্নের বিষয়টি আলোচনায় আসে।
১২০ জন সদস্যের শপথ গ্রহণের মধ্য দিয়ে যুদ্ধপরবর্তী ইসরায়েলে ২৬তম নেসেটের নতুন সংসদীয় কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো।
আরও পড়ুন:







