মঙ্গলবার

১০ নভেম্বর, ২০২৬ ২৬ কার্তিক, ১৪৩৩

যে ছয় দেশে ভ্রমণ না করতে নাগরিকদের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ১১:৩৪

শেয়ার

যে ছয় দেশে ভ্রমণ না করতে নাগরিকদের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ছয়টি দেশে নিজ দেশের নাগরিকদের ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তাঝুঁকি এবং এসব দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জরুরি কনস্যুলার সহায়তা দেওয়ার সীমাবদ্ধতার কথা বিবেচনায় নিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

দেশগুলো হলো ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেন।

লেভেল-৪ সতর্কতার আওতায় ছয় দেশ

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ছয়টি দেশ এখনো যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতার সর্বোচ্চ স্তর লেভেল-৪-এর আওতাভুক্ত। এই সতর্কতার অর্থ, কোনো কারণেই এসব দেশে ভ্রমণ করা উচিত নয়।

পোস্টে বলা হয়েছে, সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তা পরিস্থিতি এবং সেখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের জরুরি সহায়তা দেয়ার সীমিত সক্ষমতা বিবেচনায় নিয়ে এ সতর্কতা জারি করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর নাগরিকদের উদ্দেশে বলেছে, এসব স্থান বিপজ্জনক। কোনো কারণেই সেখানে যাবেন না।

সর্বোচ্চ সতর্কতায় রয়েছে ২৩ দেশ

ছয়টি দেশ ছাড়াও আফগানিস্তান, রাশিয়া, ইউক্রেন, সুদান ও দক্ষিণ সুদানসহ মোট ২৩টি দেশ বর্তমানে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভ্রমণ সতর্কতার আওতায় রয়েছে।

যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা ব্যবস্থায় লেভেল-৪ হলো সর্বোচ্চ স্তর। এ সতর্কতা জারি করা হলে সংশ্লিষ্ট দেশে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়।