পশ্চিম তুরস্কের ইজমিরের কাছে একটি লোহা ও ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। নতুন বয়লার সরানোর সময় ক্রেন ভেঙে পড়লে এর সঙ্গে থাকা সরঞ্জাম নিচে একটি চুল্লিতে পড়ে বিস্ফোরণের ঘটনা ঘটে।
বয়লার সরানোর সময় দুর্ঘটনা
সোমবার (৯ নভেম্বর) দুপুরে ইজমিরের কাছে আলিয়াগা এলাকার হাবাস ডেমির সেলিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত সবাই ওই কারখানার শ্রমিক। প্রতিষ্ঠানটি তুরস্কের অন্যতম প্রধান ইস্পাত উৎপাদনকারী।
স্থানীয় গভর্নর জানান, ক্রেনের সাহায্যে কারখানায় নতুন একটি বয়লার সরানোর কাজ চলছিল। এ সময় ক্রেনটি ভেঙে পড়ে। ক্রেনের সঙ্গে থাকা বিভিন্ন সরঞ্জাম নিচে থাকা একটি চুল্লিতে পড়ে গেলে বিস্ফোরণ ঘটে।
ঘটনাস্থলের ভিডিওতে কারখানার ভেতরে বড় ধরনের আগুন এবং আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। প্রথমে একজনের মনে হয়েছিল, ভূমিকম্প হয়েছে।
নিহতের সংখ্যা বেড়ে ১৭
প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান প্রথমে এ ঘটনায় ১৬ জন নিহত হওয়ার কথা জানিয়েছিলেন। পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু জানান, গুরুতর আহত ব্যক্তিদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে।
ইজমিরের গভর্নর সুলেইমান এলবান জানান, ধ্বংসস্তূপের নিচে এখনো কয়েকজন আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
মন্ত্রিসভার বৈঠক শেষে সোমবার এরদোয়ান হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনার তদন্ত চলছে এবং উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
কারখানাটির পরিচালনাকারী প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে, বৈদ্যুতিক আর্ক ফার্নেসে নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজ চলার সময় দুর্ঘটনাটি ঘটে।
কর্মক্ষেত্রে দুর্ঘটনা নিয়ে উদ্বেগ
স্বাধীন সংস্থা তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচ জানিয়েছে, তুরস্কে কর্মক্ষেত্রে দুর্ঘটনা দীর্ঘদিন ধরেই একটি বড় সমস্যা।
এ ঘটনায় স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাতে অন্তত পাঁচজনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।
হাবাস কারখানাটি ইজমিরের আলিয়াগা জেলায় অবস্থিত। এলাকাটি একটি গুরুত্বপূর্ণ বন্দর এবং তুরস্কের জাহাজ ভাঙার অন্যতম প্রধান কেন্দ্র।
আরও পড়ুন:







