ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, সীমান্ত পার হওয়ার সুযোগের অপেক্ষায় বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে। রবিবার (৮ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি
ভারত-বাংলাদেশ সীমান্তের হিঙ্গলগঞ্জে বিএসএফের ৭৪তম ব্যাটালিয়ন ক্যাম্প পরিদর্শনকালে শুভেন্দু অধিকারী বলেন, নিরাপত্তাব্যবস্থা শতভাগ নিখুঁত করা হবে। তিনি ব্যক্তিগতভাবে সর্বশেষ ভাসমান আউটপোস্ট পরিদর্শন করেছেন এবং দূরবীন দিয়ে এলাকাটি পর্যবেক্ষণ করেছেন। তাঁর দাবি, বাংলাদেশের দিকে কিছুই দেখা যায়নি। বাংলাদেশিরা ওৎ পেতে রয়েছে এবং বিএসএফের সদস্যরা সামান্য সময়ের জন্য আড়ালে গেলেই সীমান্ত পার হওয়ার সুযোগের অপেক্ষা করছে।
বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানের কথা উল্লেখ করে শুভেন্দু বলেন, দুই বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় ইতিমধ্যে কয়েক লাখ অনুপ্রবেশকারীকে তাড়িয়ে দেয়া হয়েছে। কাউকে পশ্চিমবঙ্গে থাকতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, সীমান্তের ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি অভিযান চলছে। অনুপ্রবেশকারীদের শনাক্ত করা হবে এবং এ বিষয়ে তাঁর কাছে সঠিক পরিসংখ্যান রয়েছে।
পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের কোনো স্থান নেই উল্লেখ করে শুভেন্দু বলেন, সীমান্তের নিরাপত্তাব্যবস্থা সম্পূর্ণ নিখুঁত করা হবে।
শুভেন্দুর বক্তব্যের জবাব কুণাল ঘোষের
শুভেন্দুর বক্তব্যের জবাবে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বলেন, বিএসএফ কেন্দ্রীয় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।
তিনি বলেন, বিএসএফের সমালোচনা করা বা নীতিগত বিষয়ে প্রশ্ন তোলা এক বিষয়। তবে সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের নেয়া উচিত।
২০১৪ সাল থেকে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় থাকা এবং ত্রিপুরায় বিজেপি সরকার থাকা সত্ত্বেও অনুপ্রবেশের ঘটনা ঘটছে উল্লেখ করে কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, ত্রিপুরায় বিজেপি সরকার থাকা সত্ত্বেও কীভাবে অবৈধ অনুপ্রবেশ ও রোহিঙ্গাদের প্রবেশ ঘটছে? এর দায় কার? শুধু পশ্চিমবঙ্গকে দোষারোপ করা কতটা ন্যায্য? ত্রিপুরাতেও অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান তুলে ধরে কুণাল ঘোষ বলেন, তিনি সব সময় বিএসএফ সদস্যদের প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন। কারণ, বিএসএফ সদস্যরাও তাঁদেরই মানুষ।
বিএসএফ ক্যাম্প ও ইছামতি নদী পরিদর্শন
এর আগে হিঙ্গলগঞ্জ কলেজের অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করে সড়কপথে বিএসএফ ক্যাম্পে যান শুভেন্দু অধিকারী। পরে ইছামতি নদীতে বিএসএফের স্পিডবোটে সফর করেন তিনি। এরপর হিঙ্গলগঞ্জ থানার কালীপূজা উদ্বোধন করেন। পরে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন।
সূত্র: এনডিটিভি।
আরও পড়ুন:







