বাংলাদেশের নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর পুনরুদ্ধারের সময় এসেছে বলে বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির ঝাড়খন্ডের লোকসভা সদস্য নিশিকান্ত দুবে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ঐতিহাসিক নীতির সমালোচনা করে শুক্রবার বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।
নিশিকান্ত দুবের অভিযোগ, তৎকালীন ত্রিপুরা রাজ্যের অন্তর্ভুক্ত থাকা এসব অঞ্চল নেহরু জোরপূর্বক তৎকালীন পাকিস্তানের হাতে তুলে দিয়েছিলেন।
নেহরুর সিদ্ধান্ত নিয়ে নিশিকান্তের অভিযোগ
বিজেপির এই সংসদ সদস্য দাবি করেন, তৎকালীন ত্রিপুরার মহারাজা বীর বিক্রম সিং নেহরুর ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিলেন। একই সঙ্গে সিলেট ও চট্টগ্রামে গণভোট আয়োজনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।
নিশিকান্ত দুবে ১৯৪৬ সালের নোয়াখালী দাঙ্গার জন্য নেহরুর রাজনৈতিক উদাসীনতাকে দায়ী করেন। তাঁর অভিযোগ, চট্টগ্রাম বন্দর ভারতের নিয়ন্ত্রণে না থাকার কারণে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো আজ পিছিয়ে পড়েছে। এ কারণে চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালী পুনরুদ্ধার করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
নিশিকান্তের বক্তব্যে সমর্থন ত্রিপুরার রাজপরিবারের বংশধরের
বিজেপি সংসদ সদস্যের এই বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন ত্রিপুরার রাজপরিবারের বংশধর ও তিপ্রা মথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রদ্যোৎ মাণিক্য দাবি করেন, দেশভাগের সময় ত্রিপুরার একটি বিশাল অংশ পাকিস্তানের হাতে তুলে দেওয়া ছিল ঐতিহাসিক ভুল।
তাঁর দাবি, চট্টগ্রাম বন্দর ভারতের নিয়ন্ত্রণে থাকলে শিলিগুড়ি করিডর বা চিকেনস নেক নিয়ে দেশটির নিরাপত্তাজনিত উদ্বেগ থাকত না।
উল্লেখ্য, বিভিন্ন সময়ে বিতর্কিত ও উসকানিমূলক মন্তব্য করে আলোচনায় আসা নিশিকান্ত দুবে আদানি গ্রুপের বিতর্কিত ঝাড়খন্ড প্ল্যান্টের গোড্ডা আসন থেকে নির্বাচিত লোকসভা সদস্য।
আরও পড়ুন:







