শুক্রবার

৬ নভেম্বর, ২০২৬ ২২ কার্তিক, ১৪৩৩

হিন্দুত্ববাদের দ্ব্যর্থহীন নিন্দা জানালেন মার্কিন কংগ্রেসম্যান রো খান্না

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৬ ২০:১৮

শেয়ার

হিন্দুত্ববাদের দ্ব্যর্থহীন নিন্দা জানালেন মার্কিন কংগ্রেসম্যান রো খান্না
ছবি সংগৃহীত

ভারতে হিন্দু জাতীয়তাবাদ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যান রো খান্না। একই সঙ্গে দুর্নীতিবিরোধী আন্দোলন এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠার দাবিতে রাজপথে আন্দোলনরত ভারতীয় শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ভারতের রাজনীতি ও মোদি সরকার সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান যুক্তরাষ্ট্রভিত্তিক শিক্ষাবিদ গৌরব সাবনিস। এর জবাবে রো খান্না বলেন, তিনি হিন্দু জাতীয়তাবাদের কঠোর বিরোধিতা করেছেন। দুর্নীতির বিরুদ্ধে এবং সমাজে সবার অন্তর্ভুক্তি নিশ্চিত করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদেরও প্রশংসা করেছেন।

মোদি সরকার ও আরএসএস নিয়ে অবস্থান স্পষ্টের আহ্বান

গৌরব সাবনিস তাঁর পোস্টে অভিযোগ করেন, নিজেকে প্রগতিশীল রাজনীতিক হিসেবে পরিচয় দিলেও ভারতে মোদি সরকারের আমলে রাজনৈতিক বন্দিত্ব এবং সংখ্যালঘুদের অধিকার সংকুচিত হওয়ার মতো ঘটনাগুলো নিয়ে রো খান্না নীরব রয়েছেন। একই সঙ্গে হিন্দুত্ববাদ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এবং মোদি সরকার সম্পর্কে তাঁর অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান তিনি।

জবাবে রো খান্না লেখেন, তিনি দ্ব্যর্থহীনভাবে হিন্দু জাতীয়তাবাদের নিন্দা জানিয়েছেন এবং দুর্নীতির বিরুদ্ধে ও অন্তর্ভুক্তির পক্ষে রাজপথে কথা বলা শিক্ষার্থীদের সাধুবাদ জানিয়েছেন। তাঁর দাদা মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতা আন্দোলনের অংশ ছিলেন উল্লেখ করে তিনি বলেন, গান্ধী ও জওহরলাল নেহরুর বহুত্ববাদী আদর্শে বিশ্বাস করেন তিনি।

ষষ্ঠ মেয়াদে কংগ্রেস সদস্য নির্বাচিত রো খান্না

রো খান্না যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রভাবশালী প্রগতিশীল কণ্ঠগুলোর একজন। তিনি ক্যালিফোর্নিয়ার ১৭তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধি। এই জেলার আওতায় সিলিকন ভ্যালির একটি অংশ রয়েছে। ২০১৬ সালে প্রথমবারের মতো কংগ্রেস সদস্য নির্বাচিত হন তিনি। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বার্নি স্যান্ডার্সের প্রচারশিবিরের সহসভাপতির দায়িত্বও পালন করেন।

সম্প্রতি অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী রিতেশ ট্যান্ডনকে ৪২ হাজারের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করে ষষ্ঠ মেয়াদে কংগ্রেস সদস্য নির্বাচিত হয়েছেন রো খান্না।

এদিকে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের মধ্য দিয়ে মার্কিন প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষেই দলটি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই রাজনৈতিক পরিবর্তনকে অনেকে ডোনাল্ড ট্রাম্প-পরবর্তী মার্কিন রাজনীতির সূচনা হিসেবে দেখছেন।

সূত্র: দ্য টেলিগ্রাফ অনলাইন