শুক্রবার

৬ নভেম্বর, ২০২৬ ২২ কার্তিক, ১৪৩৩

ব্যাংক ধস ও অনিয়মের অভিযোগে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৬ ২৩:৫৫

শেয়ার

ব্যাংক ধস ও অনিয়মের অভিযোগে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট
ছবি সংগৃহীত

ব্যাপক আর্থিক সংকট, জনপ্রিয় ডিজিটাল ব্যাংকের পতন এবং তীব্র রাজনৈতিক চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রেকর্ড করা এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন। দেশটির ডিজিটাল ব্যাংক উয়েনো ধসে পড়ার পর তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাত ও আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। ভিডিও বার্তায় পেনা বলেন, দেশের স্থিতিশীলতা, সামাজিক শান্তি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সুরক্ষার কথা বিবেচনা করে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

ব্যাংক ধসে বিপাকে ৩০ লাখ গ্রাহক

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৬৫ লাখ জনসংখ্যার প্যারাগুয়েতে উয়েনো ব্যাংকের পতনের কারণে প্রায় ৩০ লাখ গ্রাহক তাঁদের ব্যাংক হিসাবে থাকা অর্থ ব্যবহারের সুযোগ হারিয়েছেন। ব্যাংকটি সরকারের প্রায় ৮৫ কোটি ডলারের তহবিল ব্যবস্থাপনার দায়িত্বে ছিল।

ব্যাংকটির আর্থিক বিপর্যয়ের জেরে গত মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রধান পদত্যাগ করেন। একই ঘটনায় ব্যাংকটির আট কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এদিকে বিরোধী দলগুলো কংগ্রেসে পেনার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর উদ্যোগ নেয়। রাজপথেও বিক্ষোভ চলছিল। নিজ দলের রক্ষণশীল নেতাদের একাংশের সমর্থনও হারান পেনা।

ব্যাংকের সঙ্গে পেনার ব্যবসায়িক সংশ্লিষ্টতা

২০২৩ সালে নির্বাচিত অর্থনীতিবিদ সান্তিয়াগো পেনা অতীতে উয়েনো ব্যাংকের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রুপো ভাসকেজের শেয়ারহোল্ডার ছিলেন। ২০২৫ সালের মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির সঙ্গে তাঁর ব্যবসায়িক সংশ্লিষ্টতা ছিল।

ব্যাংকটির বিপর্যয়ের পেছনে পেনার স্বার্থের সংঘাত এবং পেনশন তহবিলের অপব্যবহারের অভিযোগ তোলেন আইনপ্রণেতারা। তবে পেনা এসব অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক বিতর্ক বলে দাবি করে আসছিলেন।

পেনার পদত্যাগ কার্যকর করতে সিনেটের অনুমোদন প্রয়োজন। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার দুপুরে কংগ্রেসের অধিবেশন বসার কথা ছিল। পরবর্তী সময়ে ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে।