যে শহরের অলিগলিতে একসময় দিন-রাত শোনা যেত বাংলাদেশিদের চেনা কোলাহল। সেই কলকাতার রাস্তাগুলো যেন অদ্ভুত এক নীরবতায় ঢেকে গেছে। নিউমার্কেটের ব্যস্ত বিপণিবিতান কিংবা শহরের ঝাঁ-চকচকে সুপার স্পেশালিটি হাসপাতাল সবখানেই যেন থমকে গেছে চেনা ছন্দ।
রেকর্ড পরিমাণ কমেছে বাংলাদেশি পর্যটক। আর তাতেই মারাত্মক ধস নেমেছে কলকাতার পর্যটন ও চিকিৎসা ব্যবসায়। এক বছরের ব্যবধানে ভারতে বাংলাদেশি পর্যটকদের আগমন কমেছে প্রায় ৭৩ শতাংশ। ২০২৪ সালে যেখানে সাড়ে ১৭ লাখ বাংলাদেশি ভারতে গিয়েছিলেন, সেখানে সদ্য বিদায়ী সময়ে সেই সংখ্যা ড্রামাটিকভাবে নেমে এসেছে মাত্র সাড়ে চার লাখে।
অগ্নিকাণ্ডে আতঙ্কের ছাপ
বুধবার (১৯ আগস্ট) কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের শিখা ইন হোটেলের ভয়াবহ অগ্নিকাণ্ড আর সাত বাংলাদেশিসহ নয় জনের প্রাণহানি পর্যটকদের মনে তৈরি করেছে এক গভীর আতঙ্কের ছাপ।
তবে শুধু অগ্নিকাণ্ডের আতঙ্কই নয়, নেপথ্যে রয়েছে আরও অনেক কারণ। তারমধ্যে সীমিত স্লট আর প্রশাসনিক জটিলতায় ভেস্তে গেছে হাজারও ভ্রমণ পরিকল্পনা। বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন ও সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন সরাসরি আঘাত হেনেছে সীমান্ত পারাপারে। সাথে যুক্ত হয়েছে ডলার সংকট আর ভ্রমণের অতিরিক্ত খরচ।
নতুন গন্তব্যে ঝুঁকছেন বাংলাদেশিরা
কিন্তু ভ্রমণপিপাসু মানুষ কি থেমে থাকে? মোটেও না। ভারত ছেড়ে বাংলাদেশিরা এখন ঝুঁকছেন নতুন গন্তব্যে। সহজ ভিসা আর সাশ্রয়ী প্যাকেজের কারণে এখন তাদের প্রথম পছন্দ থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর কিংবা তুরস্ক।
এর পাশাপাশি যুক্ত হয়েছে কলকাতার কিছু হাসপাতালের অপচিকিৎসা ও অনভিপ্রেত বাণিজ্যিক আচরণ। অভিযোগ রয়েছে, কোনো প্রাথমিক চিকিৎসা না দিয়ে কেবল ৫০-৬০ হাজার টাকার অহেতুক পরীক্ষা চাপিয়ে দেয়া।
ফলে কলকাতার অর্থনীতিতে মারাত্মক ধাক্কা লেগেছে। দীর্ঘদিন ধরে ভারতের মেডিকেল ট্যুরিজমের মূল উৎস ছিল বাংলাদেশ। কিন্তু এখন মার্কুইস স্ট্রিট থেকে ফ্রি স্কুল স্ট্রিট সবখানেই ব্যবসায়ীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ।
উল্টো চিত্র ভারতীয়দের বিদেশযাত্রায়
মুদ্রার অপর পিঠে ঠিক উল্টো চিত্র। বাংলাদেশিরা ভারতমুখী কম হলেও ভারতীয়দের বিদেশযাত্রায় ঘটেছে অভাবনীয় উল্লম্ফন। প্রায় তিন কোটি ২৭ লাখ ভারতীয় গত বছর পাড়ি দিয়েছেন থাইল্যান্ড, মালদ্বীপ ও নেপালের মতো দেশগুলোতে।
আর এইসব পরিস্থিতি সামাল দিতে সম্প্রতি দুই দেশের মধ্যেই মেডিকেল ও ট্যুরিস্ট ভিসা সহজ করার প্রক্রিয়া শুরু হয়েছে।
আরও পড়ুন:







