বৃহস্পতিবার

৫ নভেম্বর, ২০২৬ ২১ কার্তিক, ১৪৩৩

আমাকে সরাতে গেলে ডেমোক্র্যাটরাই ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৬ ১৭:৩১

শেয়ার

আমাকে সরাতে গেলে ডেমোক্র্যাটরাই ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ব্যাপক বিপর্যয়ের পর ডেমোক্র্যাটদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বছর কংগ্রেসের নিয়ন্ত্রণ পেতে যাওয়া ডেমোক্র্যাটদের তার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু না করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, এমন পদক্ষেপ নেওয়া হলে রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে যাবে ডেমোক্র্যাট পার্টি।

বুধবার (৪ নভেম্বর) মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির এক দিন পর হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। নির্বাচনের ফল প্রকাশের পর এই প্রথম সেখানে বক্তব্য দেন তিনি।

অভিশংসন নিয়ে ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি

ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটরা অভিশংসন প্রক্রিয়া শুরু করতে পারে—এমন আশঙ্কা উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

এ বিষয়ে উদ্বিগ্ন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, না, না, না—একটুও না। তার মতে, ডেমোক্র্যাটরা এমন পদক্ষেপ নিলে দলটিই ধ্বংস হয়ে যাবে।

ট্রাম্পের দাবি, তাকে অভিশংসন করার কোনো কারণ নেই। ডেমোক্র্যাটরা কী অভিযোগের ভিত্তিতে এমন পদক্ষেপ নেবে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার ভাষায়, একটি সফল দেশ গড়ে তোলার জন্যই তাকে অভিশংসনের চেষ্টা করা হবে।

ডেমোক্র্যাটদের সঙ্গে কাজের আগ্রহ, তবে ভেটোর হুঁশিয়ারি

কংগ্রেসে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন ট্রাম্প। তবে তার প্রশাসনের কাজে বাধা সৃষ্টি করা হলে পরিস্থিতি ভিন্ন হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

ট্রাম্প বলেন, তারা ধ্বংসাত্মক কিছু করতে না চাইলে ডেমোক্র্যাটদের সঙ্গে সম্ভবত তার ভালো সম্পর্ক থাকবে। তবে তার হাতে ভেটো ক্ষমতা রয়েছে।

কংগ্রেসের নিয়ন্ত্রণ পাওয়ার পর ডেমোক্র্যাটরা ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ড আরও নিবিড়ভাবে খতিয়ে দেখার সুযোগ পাবে। প্রশাসনের বিভিন্ন বিষয়ে তদন্ত শুরু করা এবং কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতার শক্তি কাজে লাগিয়ে ট্রাম্পের নীতিগুলোকে চ্যালেঞ্জ করার সুযোগও থাকবে দলটির।

এ পরিস্থিতিতে অভিশংসন নিয়ে ট্রাম্পের আগাম হুঁশিয়ারি কংগ্রেসে ডেমোক্র্যাটদের নতুন ক্ষমতা ও সম্ভাব্য রাজনৈতিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে।