ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অনেক শিক্ষক ও শিক্ষার্থীকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হচ্ছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটি।
রাজনৈতিক বিশ্বাসের কারণে শাস্তি দেওয়ার বিরোধিতা
প্রতিবেদনে এইচআরডব্লিউ বলেছে, শান্তিপূর্ণ রাজনৈতিক বিশ্বাসের কারণে কাউকে শাস্তি দেওয়া উচিত নয়। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে কোনো ব্যবস্থা নেওয়াও মানবাধিকার লঙ্ঘন। এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক মানবাধিকার আইনে স্বীকৃত মতপ্রকাশ ও সংগঠন করার স্বাধীনতার পরিপন্থি।
সংস্থাটির মতে, সরকারি বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক মতপ্রকাশ নিয়ন্ত্রণে এ ধরনের উদ্যোগ আগের সরকারগুলোর নেওয়া পদক্ষেপের পুনরাবৃত্তি।
রাজনৈতিক বিতর্ক নিয়ে ভয় পাওয়ার কথা স্বৈরশাসকদের
এইচআরডব্লিউর এশীয় অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক বিতর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে। এ ধরনের আলোচনা নিয়ে ভয় পাওয়ার কথা শুধু স্বৈরশাসকদের, শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে গঠিত কোনো সরকারের নয়।
তিনি আরও বলেন, অতীতের দমন-পীড়নের অধ্যায় পেছনে ফেলে বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়া উচিত। ক্ষমতাসীন ও বিরোধী দলের অবস্থান পরিবর্তন হলেই যেন আগের দমন-পীড়নের পুনরাবৃত্তি না ঘটে।
আরও পড়ুন:







