ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক হামলার গুঞ্জনের মধ্যে নাগরিকদের জন্য বিশেষ জরুরি নিরাপত্তা নির্দেশিকা প্রচার করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। সম্ভাব্য বিস্ফোরণ ও তেজস্ক্রিয়তা থেকে রক্ষা পেতে পাঁচটি সতর্কতামূলক পদক্ষেপ অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।
বিস্ফোরণের সময় ও পরে যেসব সতর্কতা মানতে হবে
প্রচারিত নির্দেশিকায় বিস্ফোরণের মুহূর্তে করণীয়, তেজস্ক্রিয় ধুলা থেকে সুরক্ষা এবং অন্তত ২৪ ঘণ্টা নিরাপদ আশ্রয়ে থাকার বিষয়ে বলা হয়েছে।
প্রথম নির্দেশনায় বলা হয়েছে, বিস্ফোরণের তীব্র আলোর দিকে তাকানো যাবে না। দ্রুত শক্ত কোনো আড়ালের পেছনে আশ্রয় নিতে হবে। এরপর মাটিতে উপুড় হয়ে শুয়ে মাথা ও মুখ ঢেকে রাখতে হবে। বিস্ফোরণের ধাক্কা থামা পর্যন্ত এ অবস্থায় থাকতে হবে।
দ্বিতীয় নির্দেশনা অনুযায়ী, বিস্ফোরণের ধাক্কা থেমে গেলে কাছের কোনো ভবনে প্রবেশ করতে হবে। জানালা ও বাইরের দেয়াল থেকে দূরে থাকতে হবে। বাইরে দাঁড়িয়ে পরিস্থিতি দেখা বা ছবি তোলা থেকে বিরত থাকতে বলা হয়েছে। গাড়িকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার না করার পরামর্শও দেওয়া হয়েছে।
তেজস্ক্রিয় ধুলা ও খাবার-পানিতে সতর্কতা
তৃতীয় নির্দেশনায় শরীরে লেগে থাকা তেজস্ক্রিয় ধুলা পরিষ্কারের পদ্ধতি জানানো হয়েছে। খোলা ত্বক কুসুম গরম পানি ও সাবান দিয়ে ধুতে হবে। চুল পরিষ্কারে সাধারণ শ্যাম্পু ব্যবহার করতে হবে, কন্ডিশনার নয়। গোসলের সুযোগ না থাকলে মুখ, হাত ও শরীরের খোলা অংশ পানি বা ভেজা টিস্যু দিয়ে মুছে নিতে হবে।
চতুর্থ নির্দেশনায় অন্তত ২৪ ঘণ্টা আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এ সময় বোতলজাত পানি ও প্যাকেটজাত খাবার ব্যবহার করতে বলা হয়েছে।
পঞ্চম নির্দেশনায় সতর্ক করে বলা হয়েছে, ২৪ ঘণ্টা পার হলেই বাইরে বের হওয়ার পরিবেশ নিরাপদ হয়ে গেছে বলে ধরে নেওয়া যাবে না। সরকারি ঘোষণা ও জরুরি সম্প্রচার শুনে নিরাপদ পথ সম্পর্কে নিশ্চিত হতে হবে। আশ্রয় নেওয়া ভবনে আগুন লাগলে বা ধসে পড়ার আশঙ্কা থাকলে আরও নিরাপদ স্থানে সরে যেতে হবে।
নির্দেশিকায় তাৎক্ষণিক সতর্কতা, নিরাপদ আশ্রয় গ্রহণ এবং সরকারি নির্দেশনা অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। চারপাশ নিরাপদ বলে নিশ্চিত না হওয়া পর্যন্ত বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
প্যাসিভ ডিফেন্স সপ্তাহ উপলক্ষে ভিডিও প্রকাশ
গত ২৯ অক্টোবর ইরানের সংবাদ সংস্থা ইরনা প্রায় আট মিনিটের একটি ভিডিও প্রকাশ করে। দেশটির কর্তৃপক্ষ ভিডিওটিকে বার্ষিক প্যাসিভ ডিফেন্স সপ্তাহের অংশ হিসেবে উল্লেখ করেছে।
এর আগে ২০২৫ সালের জুনের সংঘাতের সময় ইরান সরকার জানিয়েছিল, তেজস্ক্রিয়তা নির্দিষ্ট স্থাপনার বাইরে ছড়িয়ে পড়েনি। এবারের নির্দেশিকায় নাগরিকদের সম্ভাব্য বিস্ফোরণ ও তেজস্ক্রিয়তা থেকে সুরক্ষার জন্য বিস্তারিত করণীয় জানানো হয়েছে। তবে নির্দেশিকা প্রকাশের সঙ্গে নতুন কোনো পারমাণবিক হামলার পরিকল্পনা বা তাৎক্ষণিক হামলার আশঙ্কার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।
আরও পড়ুন:







