মঙ্গলবার

৩ নভেম্বর, ২০২৬ ১৯ কার্তিক, ১৪৩৩

বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কড়া নজর রাখছে ভারত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৬ ২২:১৯

শেয়ার

বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কড়া নজর রাখছে ভারত
ছবি সংগৃহীত

বাংলাদেশে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন ও সার্বিক পরিস্থিতির ওপর ভারত কড়া নজর রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাক্ষিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের অভ্যন্তরীণ অসন্তোষ ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ভারত

ভারতের বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে নয়াদিল্লির অবস্থান তুলে ধরেন রণধীর জয়সওয়াল। তিনি জানান, বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা ও পরিস্থিতির অগ্রগতি পর্যবেক্ষণ করছে ভারত।

তিনি বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে কাজ করতে চায় নয়াদিল্লি।

বাংলাদেশে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ মঙ্গলবার চতুর্থ দিনে গড়ায়। এদিন সকালে ঢাকার মিরপুর এলাকায় কয়েকটি কারখানা আংশিক চালু হলে শ্রমিকেরা সড়কে নেমে আসেন। এতে নতুন করে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।

গঙ্গা পানি চুক্তি নিয়ে যৌথ নদী কমিশনের কথা

সংবাদ সম্মেলনে গঙ্গা পানি চুক্তিসহ দুই দেশের দ্বিপক্ষীয় নদী ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, আন্তঃসীমান্ত নদী নিয়ে আলোচনা নির্ধারিত দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমেই পরিচালিত হবে।

তিনি জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ নদী কমিশন রয়েছে। গঙ্গাসহ দুই দেশের সব আন্তঃসীমান্ত নদীর বিষয়ে আলোচনার আনুষ্ঠানিক ও কাঠামোবদ্ধ মাধ্যম হচ্ছে এই কমিশন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আসন্ন উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগের বিষয়ে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশের নেতৃত্বের জন্য ভারতের পক্ষ থেকে স্থায়ী আমন্ত্রণ রয়েছে।

জয়সওয়াল জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ইতোমধ্যে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে নতুন কোনো অগ্রগতি হলে তা জানানো হবে।