মঙ্গলবার

৩ নভেম্বর, ২০২৬ ১৯ কার্তিক, ১৪৩৩

ত্রিপুরায় পাচারকারীদের হামলায় আহত বিএসএফের তিন সদস্য

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৬ ১৫:৪৯

শেয়ার

ত্রিপুরায় পাচারকারীদের হামলায় আহত বিএসএফের তিন সদস্য
ছবি সংগৃহীত

ভারতের ত্রিপুরা রাজ্যের বক্সানগর এলাকার আশাবাড়িতে একদল পাচারকারীর হামলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের তিন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা।

সোমবার (২ নভেম্বর) সকালে এ হামলার ঘটনা ঘটে। একদল দুষ্কৃতকারী অতর্কিতে বিএসএফ সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় আহত সদস্যদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় এবং বাহিনীর একটি সরকারি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

হামলার নিন্দা মুখ্যমন্ত্রীর

নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি বলেছেন, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতা একেবারেই গ্রহণযোগ্য নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি আশাবাড়িতে বিএসএফ সদস্যদের ওপর হামলার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলাকে উদ্বেগজনক উল্লেখ করে আইন অনুযায়ী জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

মুখ্যমন্ত্রী আরও জানান, হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা নিতে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সম্মান ও সুরক্ষা পাওয়ার যোগ্য বলেও উল্লেখ করেন তিনি। এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে। সূত্র: উইয়ন নিউজ