মঙ্গলবার

৩ নভেম্বর, ২০২৬ ১৯ কার্তিক, ১৪৩৩

কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজে ছড়িয়েছে আতঙ্ক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৬ ০৮:২৯

শেয়ার

কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজে ছড়িয়েছে আতঙ্ক
ছবি সংগৃহীত

হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের কেশম দ্বীপে গোপনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানে পরিচালিত একাধিক সীমিত সামরিক অভিযানের অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে নাম প্রকাশ না করা মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে ইরানে গোপনে ধারাবাহিকভাবে এসব সীমিত অভিযান চালিয়েছে ওয়াশিংটন। অথচ একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনার কথা বলে আসছিলেন।

কেশম দ্বীপে পাঁচটি বিস্ফোরণের শব্দ

মঙ্গলবার ইরানের কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলেও বিস্ফোরণের খবর পাওয়া যায়। এসব ঘটনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জড়িত বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে জানা গেছে, হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপে পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অন্যদিকে, আধা সরকারি সংবাদ সংস্থা ফারস জানিয়েছে, হরমোজগান প্রদেশের বন্দর লেঙ্গেহ শহরে সাগরের দিক থেকে বিস্ফোরণের শব্দ এসেছে।

তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এসব ঘটনায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্যও দেয়নি সংবাদ সংস্থা দুটি।

হামলার বিষয়ে জানতে চেয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা নাকচ করে মন্তব্য করেছিলেন ট্রাম্প। তাঁর ওই বক্তব্যের পরই কেশম দ্বীপে হামলার খবর সামনে আসে।

এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কাছে জানতে চাওয়া হলে তারা প্রশ্নগুলো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকম) কাছে পাঠিয়ে দেয়।

তবে ওয়াল স্ট্রিট জার্নালকে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের জন্য তৈরি হওয়া হুমকি মোকাবিলায় প্রশাসন ধারাবাহিকভাবে পদক্ষেপ নিচ্ছে।

মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ অব্যাহত

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার জানিয়েছেন, দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে।

তিনি জানান, কাতারের মধ্যস্থতায় যোগাযোগ সহজ করতে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি দোহা সফর করেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। জবাবে ইরান ইসরাইল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায়। পরে এপ্রিলে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়।

এর আগে গত ১৮ জুন হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে সই করে। তবে প্রণালিটির নিরাপত্তা নিয়ে মতবিরোধের কারণে চুক্তিটির বাস্তবায়ন থমকে যায়।